মুন্সিগঞ্জের শিকারপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা চালু
মুন্সিগঞ্জ জেলার শিকারপুর নিমতলায় গত বৃহস্পতিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৬৫তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সৈয়দ নুরুল আরেফিন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং গ্রামীণ অর্থনীতিতে যথাসাধ্য অবদান রাখতে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।নুরুল আরেফিন আরও বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী ও আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত মানসম্পন্ন ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।মো. আবদুর রহমান সরকার ব্যাংকের জনপ্রিয় আমানত ও বিনিয়োগ প্রকল্পগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা উন্নত সেবা প্রদান করার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছি, যা প্রকারান্তরে ব্যাংকের আমানত ও বিনিয়োগসহ সার্বিকভাবে ব্যবসায় বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ বিজ্ঞপ্তি।