মূল অর্থনীতিতে কালোটাকা ফেরাতে বলল সিপিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা ও বেনামী সম্পদকে আইনি কাঠামোর আওতায় মূল অর্থনীতিতে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ জন্য অপ্রদর্শিত অর্থ ও বেনামী সম্পদ নিয়ন্ত্রণ আইন নামে নতুন একটি আইন করার কথা বলেছে সংস্থাটি।
বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বিভিন্ন সূচকের পর্যালোচনাভিত্তিক হালনাগাদ তথ্য তুলে ধরতে গিয়ে আজ সোমবার এ অভিমত ব্যক্ত করেছে সিপিডি।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলতি অর্থবছরের ওপর তৃতীয় অন্তর্বর্তীকালীন এ পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির গবেষকেরা।

সিপিডি বলেছে, অর্থনৈতিক প্রতিষেধক দিয়েই অপ্রদর্শিত অর্থকে মূলধারার সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি সম্পদ দেশে থাক আর বিদেশে থাক, আয়করের অধীনে অবশ্যই সেই সম্পদের হিসাব অন্তর্ভুক্ত করা দরকার।

সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষে দেশের সামগ্রিক অর্থনীতির বিভিন্ন সূচকের সর্বশেষ অবস্থান ও তার পর্যালোচনা বিষয়ক লিখিত বক্তব্য তুলে ধরেন সংস্থাটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সিপিডি বলেছে, ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনের মতো অন্তর্নিহিত শক্তি বাংলাদেশের অর্থনীতির রয়েছে। কিন্তু সেটিকে বিকাশ করার মতো যে ধরনের ‘ইঞ্জিন প্রতিষ্ঠান’ ও পরিবেশ দরকার তা যথোপযুক্তভাবে পাচ্ছে না। বর্তমান সরকারের আগের মেয়াদে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিকল্পনা ও সংস্কারের ক্ষেত্রে যে ধরনের উদ্যম বা গতি ছিল ২০১২ সালের শেষ দিকে এসে সেটি কেন যেন উদ্যোমহীন হয়ে পড়েছে।

সিপিডি মনে করে, বাংলাদেশের অর্থনীতিকে তার সম্ভাবনার সীমান্তে নিয়ে যেতে হলে প্রবৃদ্ধির বর্তমান ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য দরকার বড় ধরনের প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার। তার মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে ২০১২ সালের পর থেকে হারিয়ে যাওয়া সেই উদ্যোমকে।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের আয়-ব্যয়ের গতানুগতিক যে পদক্ষেপ রয়েছে সেটা দিয়ে বড় ধরনের রাজস্ব আয় বাড়ানো সম্ভব না। রাজস্ব আয় বাড়াতে হলে দরকার প্রাতিষ্ঠানিক সংস্কার। অন্যথায় বিদ্যমান করদাতাদের ওপর করের বোঝা আরও বাড়তে থাকবে। করের আওতায় নতুন বিষয়, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিয়ে আসতে হবে।
দেবপ্রিয় বলেন, বাংলাদেশে আয়ের ওপর কর আছে কিন্তু বৈজ্ঞানিকভাবে সম্পদের ওপর কোনো কর নাই। সম্পদের ওপর কর নির্ধারণের ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি উত্তরাধিকার করের বিষয়টিও চিন্তা করা উচিত। এ ধরনের বিধান অনেক আধুনিক রাষ্ট্রে আছে। এর মাধ্যমে সমাজে এক ধরনের ‘সাম্য বা ইনসাফ’ প্রতিষ্ঠার সুযোগ রয়েছে।

কালোটাকা প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, বাংলাদেশে অপ্রদর্শিত আয়কে নিয়ে বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নেওয়া হয় সেটি থেকে বেরিয়ে এসে একটি নির্ভরযোগ্য মধ্যমেয়াদি নীতিমালায় আসা দরকার। যাতে সৎ করদাতাদের ওপর কোনোভাবে চাপ তৈরি না হয়।