মূল এডিপি ঠিক থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধন করা হলো। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের তদারকিতে থাকা মূল এডিপির আকার অপরিবর্তিত থাকছে। বদলে গেছে শুধু অর্থের উৎস।
বিদেশি সহায়তার সাত হাজার কোটি টাকা যেহেতু ব্যবহার করা যাবে না, তাই সমপরিমাণ অর্থ দেশীয় উৎস থেকে জোগান দেওয়া হবে। আর এ কারণেই মূল এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকাই রয়ে গেল। এটা দেশের ইতিহাসে নজিরবিহীন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় গতকাল মঙ্গলবার সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংশোধিত এডিপি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত মূল এডিপিতে দেশীয় উৎস থেকে জোগান দিতে হবে ৭৭ হাজার ৭০০ কোটি টাকা। মূল এডিপিতে ছিল ৭১ হাজার ২০০ কোটি টাকা। আবার মূল এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ছিল ৪০ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে তা কমিয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হয়েছে।
মূল এডিপির বাইরেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় আছে। এই উন্নয়ন ব্যয় এখন মূল এডিপির সঙ্গে যুক্ত করা হয়। অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যয় ৪ হাজার কোটি টাকা কমিয়ে ৮ হাজার ৫৯৬ কোটি টাকা হয়েছে। সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২৯৬ কোটি টাকা, আর টাকা কমল চার হাজার কোটি।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো এবার মূল এডিপির টাকা কমানো হয়নি। দেশীয় উৎস থেকে আরও ১৩-১৪ হাজার কোটি টাকা দাবি করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সাত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
এদিকে বিদেশি সহায়তার অর্থ কমানো প্রসঙ্গে গত সোমবার সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, গুলশানের হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনার কারণে এডিপিতে থাকা প্রকল্প সাহায্য পুরোপুরি খরচ করা সম্ভব হচ্ছে না। ওই ঘটনার পর দেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা চলে গিয়েছিলেন। কয়েক মাস তাঁদের পাওয়া যায়নি।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নতুন ৩০৩টি প্রকল্পসহ সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১টি। এ ছাড়া আরও ৯১০টি বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে সংশোধিত এডিপিতে। চলতি অর্থবছরে মোট ৩১২টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।