মূল বাজারে ওয়াটা কেমিক্যালস
মূল বাজারে ফিরেছে ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে থাকা ওয়াটা কেমিক্যালস লিমিটেড। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদ ওয়াটা কেমিক্যালসকে মূল বাজারে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রানজেকশনস) রেগুলেশনস, ২০১৩-এর রেগুলেশন ২(১)(এ) অনুযায়ী প্রতিষ্ঠানটির লেনদেন হবে ‘এ’ ক্যাটাগরিতে।
ডিএসইর ওয়েবসাইটে আরও বলা হয়, প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এ ছাড়া প্রতি ২০০টি শেয়ারে একটি মার্কেট লট। ওটিসি বাজারের সর্বশেষ মূল্য অনুযায়ী লেনদেন শুরুর দাম ৪৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম আধাঘণ্টায় বিক্রেতা না থাকায় প্রতিষ্ঠানটির কোনো শেয়ার লেনদেন হয়নি।
২০১০ সালে ওয়াটা কেমিক্যালসকে ওটিসিতে পাঠানো হয়। পরে শর্ত পূরণ হওয়ায় গত বছর মূল বাজারে ফেরার আবেদন করে প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে মূল বাজারে ফিরিয়ে আনার অনুমোদন দেয়। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটিকে মূল বাজারে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
নিয়মিত এজিএম না করা, লভ্যাংশ ঘোষণা দেওয়া, সময়মতো আর্থিক প্রতিবেদন জমা না দেওয়া, কোম্পানির উত্পাদন বন্ধ হয়ে যাওয়া অথবা কোম্পানির শেয়ার ডিমেট না হওয়া প্রভৃতি কারণে বিভিন্ন কোম্পানিকে ওটিসিতে পাঠানো হয়। এসব শর্ত পূরণ হলে আবারও তাদের মূল বাজারে ফিরিয়ে আনা হয়।