মূলধন ঘাটতি পূরণে সহজ পথে রূপালী ব্যাংক

মূলধন ঘাটতি পূরণের জন্য অনেক পথই খোলা আছে রূপালী ব্যাংকের। কিন্তু ব্যাংকটি সেসব পথে যেতে নারাজ। রূপালী ব্যাংক চায় সবচেয়ে সহজ ও আয়েশি পথ। আর সেটি হচ্ছে সরকারি কোষাগারের টাকা বা জনগণের করের টাকা। অর্থাৎ সরকার টাকা দেবে আর রূপালী ব্যাংক অনায়াসে তার মূলধন ঘাটতি পূরণ করে ফেলবে।
রূপালী ব্যাংক তার মূলধন ঘাটতি পূরণে দেড় বছর ধরে নগদ টাকার পরিবর্তে ঘুরিয়ে-ফিরিয়ে বন্ড ছাড়ার অনুমতি চেয়ে আসছে সরকারের কাছে। ব্যাংকটির দাবি, ‘৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ড’। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শেষ পর্যন্ত গত নভেম্বরে রূপালী ব্যাংকের বন্ড ছাড়ার প্রস্তাবের ওপর বাংলাদেশ ব্যাংকের মতামত জানতে চেয়েছে।
দুই মাস পর বাংলাদেশ ব্যাংক ৯ জানুয়ারি প্রতিবেদনসংবলিত এক চিঠিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে বলেছে, রূপালী ব্যাংক বন্ড ছাড়লে সরকারের সরাসরি কোনো আর্থিক দায় তৈরি হবে না। তবে মূলধন ঘাটতি পূরণের বিকল্প পথও আছে।
বাংলাদেশ ব্যাংক এ-ও বলেছে, গত সেপ্টেম্বর পর্যন্ত রূপালী ব্যাংকে অতিরিক্ত তারল্য আছে এবং প্রস্তাবিত বন্ড ছাড়া হলে অতিরিক্ত তারল্য আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের মতামত এখন পরীক্ষা-নিরীক্ষা করছে অর্থ মন্ত্রণালয়। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সরাসরি আর্থিক দায় তৈরি না হলেও চূড়ান্ত অর্থে এ দায় সরকারের ঘাড়েই পড়বে। কারণ, কোনো কারণে ব্যাংক বন্ডধারীদের টাকা পরিশোধ করতে না পারলে তা পরিশোধ করতে হবে সরকারকেই।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনূসুর রহমান গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের মতামত এখন পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
মূলধন ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক চারটি বিকল্পের কথা জানিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে। বলেছে, মূলধন ঘাটতি পূরণে রূপালী ব্যাংক নতুন শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে পারে। আবার নিট মুনাফা বণ্টন না করে বোনাস শেয়ার ছেড়েও মূলধন বৃদ্ধি করতে পারে।
খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকটির যে ৭৫৫ কোটি টাকা প্রভিশন ঘাটতি রয়েছে, তা কমিয়েও মূলধন ঘাটতি কমানো যায় বলে আরেকটি মত দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রভিশন ঘাটতি দূর করা যায় দুভাবে, খেলাপি ঋণের মানের উন্নয়ন এবং সব ঋণের বিপরীতে যোগ্য জামানতের পরিমাণ বৃদ্ধি। এ ছাড়া ঝুঁকিভারিত সম্পদের পরিমাণ কমিয়েও রূপালী ব্যাংক ন্যূনতম রক্ষিতব্য মূলধন কমাতে পারে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বন্ডের দাবিতে প্রথমবার আবেদনের সময় রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৫০০ কোটি টাকার কম। এরপর মূলধন ঘাটতি বৃদ্ধি পেয়ে গত জুন পর্যন্ত ১ হাজার ৫২ কোটি টাকা এবং গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৭৫ কোটি টাকায় দাঁড়ায়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সব ব্যাংককেই ২০১৯ সালের মধ্যে ব্যাসেল-৩ নীতিমালা পরিপালন করতে হবে। এই সময়ের মধ্যে রূপালী ব্যাংকের ন্যূনতম মূলধন বর্তমানের ১০ শতাংশ থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে উন্নীত করতে হবে ১২ দশমিক ৫০ শতাংশে।
ব্যাসেল-৩ হচ্ছে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ও তারল্য ঝুঁকি নিরসনে একটি বৈশ্বিক স্বেচ্ছাসেবী নিয়ন্ত্রক কাঠামো। বিশ্বের সব দেশের ব্যাংকই এর নিয়মকানুন অনুসরণ করে থাকে।
বন্ড চাওয়ার যুক্তি হিসেবে রূপালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছিল, মূলধন ঘাটতির কারণে ঠিকমতো বৈদেশিক বাণিজ্য করা যাচ্ছে না। কিন্তু ব্যাংকের স্বাভাবিক আয় থেকে এ ঘাটতি পূরণ করা সম্ভব না।
এদিকে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ দিন দিন বাড়ছেই। ২০১৫ সালের ডিসেম্বরে এ ব্যাংকের খেলাপি ঋণ ছিল ১ হাজার ৫৪৯ কোটি টাকা। গত বছরের জুনে তা দাঁড়ায় ২ হাজার ৩৬০ কোটি টাকা এবং সেপ্টেম্বরে দাঁড়ায় ৩ হাজার ২৯ কোটি টাকা।
অনেক বিকল্প থাকলেও মূলধন ঘাটতি পূরণে কেন সহজ পথটিই বেছে নিলেন—এমন প্রশ্নের জবাবে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান গত সোমবার মুঠোফোনে নেদারল্যান্ডস থেকে বলেন, ‘সবাই তো সহজ পথ চায়। আমরাও চাইছি। এতে দোষের কিছু নেই।’
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ মনে করেন, রূপালী ব্যাংকের উচিত হবে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরিবর্তে খেলাপি ঋণ কমানো, প্রভিশন ঘাটতি দূর—এসব মৌলিক বিষয়ে মনোযোগী হওয়া।
বন্ড ছাড়ার অনুমতি দিলে সরকারকে কোনো টাকা দিতে হবে না এবং ব্যাংকটির আন্তর্জাতিক ব্যবসা করার সুযোগ তৈরি হবে বলে রূপালী ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ গত মঙ্গলবার বলেন, ‘এটাও একধরনের ফাঁকি। আয় বা সক্ষমতা বাস্তবে নেই, কিন্তু কাগজে-কলমে দেখানো হলো। এটাকে বলা হয় হিসাববিজ্ঞানজনিত ফাঁকি।’