পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানিকেও এখন থেকে উদ্যোক্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে শেয়ার বা রূপান্তরযোগ্য সিকিউরিটিজ ছেড়ে মূলধন সংগ্রহের জন্য অনুমোদিত মার্চেন্ট ব্যাংককে ইস্যু ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিতে হবে। ইস্যু ব্যবস্থাপক নিয়োগ ছাড়া পুঁজিবাজারের তালিকাবহির্ভূত কোনো কোম্পানিকে মূলধন সংগ্রহের অনুমোদন দেওয়া হবে না। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল বুধবার এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসি বলছে, মূলধন সংগ্রহের প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ইস্যু ব্যবস্থাপক মূলধন সংগ্রহের প্রস্তাবসহ সংশ্লিষ্ট কাগজপত্র সঠিক কি না, তা নিরূপণ বা ডিওডিলিজেন্স করে থাকে। এতে কাগজপত্রে ত্রুটির জন্য ইস্যু ব্যবস্থাপকের দায়বদ্ধতা তৈরি হয়। ফলে ভুয়া বা জাল কাগজপত্র দিয়ে মূলধন সংগ্রহের প্রবণতা আটকানো যাবে। জানা গেছে, সম্প্রতি মূলধন সংগ্রহের নামে বিভিন্ন কোম্পানি প্লেসমেন্ট শেয়ারের অনৈতিক বাণিজ্যে জড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে কোম্পানিগুলোর প্রকৃত চিত্র আড়াল করে নিজেদের সুবিধামতো কাগজপত্র তৈরির মাধ্যমে অতিরিক্ত প্রিমিয়াম আদায়ের ঘটনাও রয়েছে। অনেক ক্ষেত্রে লোকবলের অভাবে এসইসির পক্ষে কাগজপত্রের ডিওডিলিজেন্স করাও সম্ভব হয়নি। আবার অনেক কোম্পানির অসাধু উদ্যোক্তা এ দুর্বলতার সুযোগ নিয়ে প্লেসমেন্টের নামে বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছে। আর এ প্রবণতা ঠেকাতেই গত বছরের সেপ্টেম্বর মাসে এসইসি মূলধন সংগ্রহের জন্য ইস্যু ব্যবস্থাপক নিয়োগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনে। জানা গেছে, ওই সময় কেবল শেয়ার ছাড়ার সময় ইস্যু ব্যবস্থাপক নিয়োগের বিষয়টি ভাবা হয়েছিল। রূপান্তরযোগ্য সিকিউরিটিজ এর বাইরে রাখা ছিল। কিন্তু রূপান্তরযোগ্য সিকিউরিটিজ (বন্ড বা অগ্রাধিকার শেয়ার) নিয়ে সম্প্রতি নানা কারসাজি হওয়ায় গতকালের বৈঠকে এটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া রূপান্তরযোগ্য সিকিউরিটিজ শেষ পর্যন্ত শেয়ারে রূপান্তর হয়ে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে ভূমিকা রাখে। এ কারণে রূপান্তরযোগ্য সিকিউরিটিজে ইস্যু ব্যবস্থাপকের মাধ্যমে ডিওডিলিজেন্স করা জরুরি বলে এসইসি মনে করে। উল্লেখ্য, এর আগে কোম্পানিগুলো মূলধন বাড়ানোর জন্য সরাসরি এসইসিতে আবেদন করতে পারত।