ব্যাংকগুলোর ঝুঁকিনির্ভর সম্পদের ওপর মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে ২০১১ সালের মধ্যেই ধাপে ধাপে নির্ধারিত হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা অপরিবর্তিত থাকছে।এর আগে ২০০৭ সালের ডিসেম্বর থেকে এ হার ছিল মোট ঝুঁকিভিত্তিক সম্পদের অন্তত ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এক নির্দেশে এই হার চলতি বছরের জুন পর্যন্ত সময়ের জন্য ৮ শতাংশে নামিয়ে এনেছে।ব্যাংকিংয়ে আন্তর্জাতিক মানসংক্রান্ত ব্যাসেল কমিটির সুপারিশ অনুসারে (বাসেল-২) মূলধন পর্যাপ্ততার নতুন নিয়মনীতি বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জানুয়ারি থেকে একটি সময়সূচি ঘোষণা করে। অর্থাত্ এ সময় থেকেই ব্যাসেল-২ বাস্তবায়ন শুরু হয়। গতকাল জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে, এখন থেকে ব্যাংকগুলোকে ঝুঁকিভিত্তিক সম্পদের ওপর ২০১০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮ শতাংশ হারে, ২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন পর্যন্ত ৯ শতাংশ এবং ২০১১ সালের জুলাই থেকে ১০ শতাংশ হারে ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে হবে। তবে প্রতিটি ক্ষেত্রে মালিকানার অংশ (টায়ার-১) হতে হবে অন্তত ৫০ শতাংশ।