পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এসইসির নির্দেশনা
মূলধন ৫০ কোটি টাকা হলেই বাজারে শেয়ার ছাড়তে হবে
পাবলিক লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা অতিক্রম করলেই পুঁজিবাজারে শেয়ার ছাড়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কোম্পানি এ শর্ত পরিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ১ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে। ২সিসি ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংস্থাটি এই নির্দেশনা জারি করে। এসইসি বলছে, বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের সরবরাহ বাড়ানোর প্রয়োজন থাকলেও কাউকে বাধ্য করে বাজারে আনার চেষ্টা করা হলে তা ভালো ফল বয়ে আনবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা অতিক্রম করার পর এক বছর অথবা প্রজ্ঞাপন জারির দিন থেকে এক বছর—এর মধ্যে যেটি পরে সে সময়ের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে যথাযথ নিয়মকানুন মেনে শেয়ার ছাড়ার জন্য আবেদন জানাতে হবে।এ ক্ষেত্রে কোম্পানির কার্যক্রম শুরুর মেয়াদ হতে হবে ন্যূনতম তিন বছর। কর কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন পাওয়ার দিন থেকে কার্যক্রম শুরুর মেয়াদ গণনা করা হবে। কিন্তু এসইসির আগের সিদ্ধান্ত ছিল, ৫০ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোনো কোম্পানি যদি আরও মূলধন সংগ্রহ করতে চায়, তাহলে অতিরিক্ত মূলধনের এক-তৃতীয়াংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা বা এর বেশি করতে চাইলে ছয় মাসের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। তবে যেসব প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধন ইতিমধ্যে ৪০ কোটি টাকা তাদের পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে হবে প্রজ্ঞাপন জারির এক বছরের মধ্যে।যেসব কোম্পানির ন্যূনতম সাতজন উদ্যোক্তা পরিচালক রয়েছে, সেগুলোই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পরিগণিত হয়। আর ন্যূনতম দুজন পরিচালক থাকলে সেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবেচিত হয়।যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেন, বর্তমানে শেয়ারবাজারের বাইরে অনেক বড় ও ভালো কোম্পানি রয়েছে। তাদের বাজারে নিয়ে আসার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জিয়াউল হক খোন্দকার আরও বলেন, ব্যবসা পরিচালনা করতে হলে সব কোম্পানিরই মূলধন প্রয়োজন। এ মূলধন যাতে কোম্পানিগুলো বাজার থেকে সংগ্রহ করে এসইসি শুধু সেই উদ্যোগই নিয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বাজারে বড় কোম্পানিকে নিয়ে আসার ব্যাপারে উৎসাহ জোগাতে হবে। কারণ এটা ছাড়া এগোনো যাবে না। এ জন্য উদ্দীপনামূলক কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে। কিন্তু বাধ্য করে বাজারে নিয়ে আসার উদ্যোগ মৌলিক অধিকারের পরিপন্থী।’ সালাহউদ্দিন আরও বলেন, মূলধনকাঠামো কী হবে সেটি কোম্পানির একান্ত নিজস্ব ব্যাপার। এ ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি করা আইনসম্মত নয়। সিদ্ধান্তটি নেওয়ার সময় জনমত নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি।এ ব্যাপারে জানতে চাওয়া হলে এসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এসইসি তিনভাবে আইন করে থাকে। এগুলো হলো পত্রিকার মাধ্যমে জনমত নিয়ে, সরকারের নির্দেশে ও সরকারের সঙ্গে আলোচনা করে। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এসইসি সূত্র জানায়, বর্তমানে দেশে ৫০ কোটি টাকা পরিশোধিত মূলধনের কয়টি কোম্পানি রয়েছে তার সঠিক তথ্য তাদের কাছে নেই। তবে সম্প্রতি ৪০টির মতো কোম্পানি তাদের পরিশোধিত মূলধন বাড়িয়ে ৫০ কোটি টাকা বা তার বেশি করেছে। এর বাইরে বড় মূলধনের আরও কোম্পানি রয়েছে, যেগুলো এখনো বাজারে আসেনি। এসব কোম্পানি যদি বাজারে না আসে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এসইসির সদস্য ইয়াসিন আলী প্রথম আলোকে বলেন, ‘কোনো কোম্পানি বাজারে না আসতে চাইলে পুঁজিবাজারের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের কোনো কোম্পানি পাওয়া গেলে তাদের প্রথমে শুনানিতে ডাকা হবে। জানতে চাওয়া হবে তারা কেন আসছে না। তাদের জবাব সন্তোষজনক না হলে জরিমানা করা যেতে পারে। এ ক্ষেত্রে সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ যেকোনো পরিমাণ অর্থ জরিমানা করার ক্ষমতা এসইসির রয়েছে।’