মূলধনি যন্ত্রপাতির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব সিরামিকস সামগ্রী উৎপাদকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলধনি যন্ত্রপাতির ওপর আমদানি শুল্কহার কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিরামিকস সামগ্রী উৎপাদক সমিতি। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় গতকাল রোববার সমিতির নেতারা এই প্রস্তাব দেন। আলোচনায় সিরামিক শিল্পে ব্যবহূত প্রধান ১০টি কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, এই শিল্পের কাঁচামাল মূলত খনিজ পদার্থ। সম্পূর্ণ সিরামিকস পণ্য প্রস্তুত থেকে ২১টি প্রক্রিয়া পার হতে হয়। এতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত উৎপাদন ক্ষতি হয়। তাই পণ্যের দাম বেড়ে যায়। এ ছাড়া দেশে উৎপাদিত টাইলস ও স্যানেটারিওয়্যার শিল্পের উৎপাদন পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে সমিতি। পাশাপাশি স্থানীয় শিল্প রক্ষায় আমদানি করা সিরামিকস পণ্যের ওপর সম্পূরক শুল্ক ৪৫ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার এবং আমদানি পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সিগারেট উৎপাদক সমিতি: পৃথক আরেক আলোচনায় দামভেদে সিগারেটের ওপর পৃথক শুল্কহার প্রস্তাব করেছে বাংলাদেশ সিগারেট উৎপাদক সমিতি। সমিতি দামি সিগারেটের (প্রিমিয়াম) ওপর ১ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর পাশাপাাশি ১০টি শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬৬ টাকা করার প্রস্তাব করেছে। এতে বছরে ৩৩০ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হবে বলে মনে করে সমিতি। আবার মধ্যম দামের সিগারেটের ওপর ১ শতাংশ শুল্ক কমানোর পাশাপাশি ১০টি শলাকার দাম ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকায় না রেখে ২৪ টাকা ৭৫ পয়সা থেকে ২৫ টাকা ২৫ পয়সার পরিসীমায় নিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে। সমিতির মতে, এতে রাজস্ব আদায় বাড়বে ৩৬৪ কোটি টাকা। আবার কম দামি সিগারেটে ২ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর পাশাপাশি ১০টি শলাকার দাম ১১ টাকা থেকে সাড়ে ১১ টাকার মধ্যে না রেখে বাড়িয়ে ১২ টাকা ১০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সায় উন্নীত করার প্রস্তাব দিয়ে সমিতি বলেছে, এতে বছরে রাজস্ব বাড়বে ৬৫১ কোটি টাকা।