মূলধারার অর্থনীতিতে নারীকে যুক্ত করতে ক্ষমতায়ন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। ষাটের দশকের পর নারীরা ঘর থেকে বেরিয়ে আসছেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। কিন্তু স্বাধীনতার পর চার দশকে যে জায়গায় থাকার কথা ছিল, নারীরা সেখানে নেই। এ জন্য নারীর ক্ষমতায়ন দরকার।‘নারী অর্থনীতি: বাংলাদেশে বিজয়ের চার দশক’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি গতকাল শনিবার বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে সেমিনারটির আয়োজন করে। সেমিনারে ‘স্বাধীনতার চার দশক: বাংলাদেশের অর্থনীতিতে নারী’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি হান্নানা বেগম। বক্তব্য দেন সিরডাপের গবেষণা পরিচালক আনোয়ারা বেগম, সম্মিলিত পেশাজীবী নারী সংগঠনের সভাপতি মাহফুজা খানম, তথ্য কমিশনের কমিশনার সাদেকা হালিম প্রমুখ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল বারকাত। আবুল বারকাত বলেন, ‘আমাদের নীতিনির্ধারক পর্যায়ে নারীদের নিয়ে ভাবনা কেবল প্রকল্পকেন্দ্রিক। কিন্তু দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই। এ জন্য নারীদের নিয়ে অনেক ভালো ভালো কথা হলেও তার বাস্তবায়ন হয় না।’ বারকাত বলেন, সরকারি হিসাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর অবদান ২০ শতাংশ। তবে নারীরা যে গৃহস্থালি কর্মকাণ্ড করেন, তার আনুমানিক মূল্য আড়াই লাখ কোটি টাকা। সে হিসাবে জিডিপিতে নারীর অবদান দাঁড়াবে ৪৮ শতাংশ।ক্ষুদ্রঋণের সমালোচনা করে বারকাত বলেন, ক্ষুদ্রঋণের উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করা। কিন্তু উচ্চ সুদের হারের কারণে অনেক ক্ষেত্রেই তা বাস্তবায়ন হয়নি। উল্টো ঋণগ্রহীতারা, বিশেষত নারীরা চিরস্থায়ীভাবে ঋণের জালে জড়িয়ে গেছেন।