মূল্য সংকোচন রোধে সক্রিয় জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ১৪ হাজার ২০০ কোটি ডলারের (১৩ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন) অতিরিক্ত বাজেট বরাদ্দ অনুমোদন করা হয়েছে। মূল্য সংকোচন মোকাবিলা করে দেশের অর্থনীতিকে টেনে তোলার জন্য গৃহীত কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে এই অর্থ ব্যয় করবে জাপান সরকার।জাপানকে আবারও বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করার অঙ্গীকার করে গত ডিসেম্বরে ক্ষমতায় আসে শিনঝু ওবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শিনঝু ওবের সরকার জানুয়ারি মাসে বড় ধরনের একটি গুচ্ছ (প্যাকেজ) ঘোষণা করে। ওই গুচ্ছ বাস্তবায়নের জন্যই গত মঙ্গলবার দেশটির সংসদে এই অতিরিক্ত বাজেট বরাদ্দ পাস করানো হলো।বিরোধী দল-নিয়ন্ত্রিত সংসদের উচ্চকক্ষে এ বাজেট বরাদ্দের বিরোধিতা করা হয়। যদিও এর মাত্র দুই সপ্তাহ আগে নিম্নকক্ষে এই বরাদ্দের বিষয়টি অনুমোদিত হয়।অতিরিক্ত বাজেটের এই অর্থ মূলত অর্থনীতি সচল রাখার সহায়ক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর মধ্যে আছে—কর্মসংস্থান বাড়ানো, পুরোনো হয়ে যাওয়া জাপানের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন এবং ২০১১ সালে সুনামির আঘাতে ধ্বংসপ্রাপ্ত এলাকা পুনর্নির্মাণ করা। এর আওতায় সরকারি কর্মচারীদের অবসরভাতার অর্থায়নে যে ঘাটতি আছে তা পূরণ করারও উদ্যোগ নেওয়া হবে।