দেশের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানির সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই অংশ হিসেবে সংস্থাটির পক্ষ থেকে সম্প্রতি দশটি কোম্পানির কাছে মূল্য সংবেদনশীল তথ্যের বিষয়ে জানতে চাওয়া হয়। ডিএসইর চিঠির জবাবে প্রতিটি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাওয়ার মতো কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
যে দশটি কোম্পানির কাছে তথ্য চাওয়া হয়েছিল সেগুলো হচ্ছে: রহিম টেক্সটাইল, স্টাইল ক্রাফট, সিভিও পেট্রোকেমিক্যালস, জেএমআই সিরিঞ্জ, দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, রহিমা ফুড, দুলামিয়া কটন, মডার্ন ডায়িং এবং সাফকো স্পিনিং মিলস।
কোম্পানিগুলোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ডিএসইসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও একশ্রেণীর বিনিয়োগকারীর কোনো মাথাব্যথাও নেই। এ কারণে গতকালও এসব কোম্পানির অধিকাংশেরই অস্বাভাবিক দর বেড়েছে।
এই অবস্থায় বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটাই প্রশ্ন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরও অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির এসব কোম্পানির শেয়ার কারা কিনছেন, কেন কিনছেন? নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েও তাঁদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো কারসাজি থাকলে তা উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের।
ডিএসইর তথ্য অনুযায়ী, উল্লিখিত কোম্পানিগুলোর মধ্যে গতকাল রহিমা ফুড, রহিম টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যালস, জেএমআই সিরিঞ্জ, দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, দুলামিয়া কটন, মডার্ন ডায়িং, সাফকো স্পিনিং মিলসের প্রতিটি শেয়ারের দাম সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সিভিও পেট্রোকেমিক্যালস ও জেএমআই সিরিঞ্জের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে গতকাল সংবাদ প্রকাশের পরও এটির দর অস্বাভাবিক বেড়েছে।এদিন জেএমআই সিরিঞ্জের শেয়ারপ্রতি দাম প্রায় ২৫ টাকা বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। আর সিভিও পেট্রোকেমিক্যালসের শেয়ারপ্রতি দাম বেড়ে হয়েছে ৮৭৭ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক সদস্য বলেন, কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বর্তমানে যেখানে পৌঁছেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখনই এসব শেয়ারের ঊর্ধ্বগতি থামানো না হলে সাধারণ বিনিয়োগকারীদের আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। তখন তা পুরো বাজারে হয়তো নেতিবাচক প্রভাব ফেলবে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস ধরেই কয়েকটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। অথচ নিয়ন্ত্রক সংস্থার দিক থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। কেন তারা এমন অস্বাভাবিক প্রবণতা রোধ ও কারসাজিকারকদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নিচ্ছে না, তা বোধগম্যও নয়। তাই আমার মনে হচ্ছে, নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে হয়তো কারসাজিকারকেরা সুযোগ নিচ্ছেন, নয়তো নিয়ন্ত্রক সংস্থা অকার্যকর হয়ে পড়েছে।’