মূল্য সংযোজিত সেবা লাইসেন্স হচ্ছে না
মুঠোফোনে গ্রাহকদের রিংটোন-গান-ওয়ালপেপার-জোকস-গেমস-খবর ইত্যাদি মূল্য সংযোজিত সেবা (ভাস) দিতে অপারেটর বা কোম্পানিগুলোর আর কোনো অতিরিক্ত লাইসেন্স বা অনুমতি লাগবে না। এ কারণে চলতি বছরেই তৈরি করা ‘ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস) লাইসেন্সিং গাইডলাইন-২০১২’ শীর্ষক নীতিমালাটি বাতিল করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এতে করে মুঠোফোন অপারেটরদের জন্য তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্সের ব্যবসায়িক অবস্থান নিয়ে আর কোনো বাধাও রইল না।বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। তিনি প্রথম আলোকে জানান, থ্রিজি লাইসেন্স প্রয়োজন হয় দ্রুততম সময়ে ইন্টারনেটের মাধ্যমে ডেটা পরিবহনের কাজে। কিন্তু ‘টেলিকম ভাস অপারেটর’ শীর্ষক এ লাইসেন্স চালু করে ভিন্ন প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করা হলে মোবাইল অপারেটররা স্বভাবতই থ্রিজি লাইসেন্স নিতে আগ্রহী হবে না। কারণ, থ্রিজির স্পেকট্রাম বা তরঙ্গ নিলামের ন্যূনতম (প্রস্তাবিত) মূল্য হচ্ছে দুই কোটি টাকা। এত অর্থ বিনিয়োগ করে অপারেটররা মুঠোফোনে শুধু কথা বলা বা ভয়েস পরিবহনের জন্য কেন থ্রিজি নেবে? এ জন্য দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্সই যথেষ্ট।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মনে করছে, এ দেশের প্রেক্ষাপটে ভাস লাইসেন্স চালু করা হলে তা টেলিযোগাযোগ খাতে জটিলতা বাড়াবে।বাংলাদেশে কনটেন্ট প্রোভাইডারদের অবস্থান জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান আরও বলেন, এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে। সেই সুবাদে বেড়েছে তাঁদের চাহিদা। কিন্তু সেই চাহিদা অনুযায়ী কনটেন্ট তৈরি করার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এখনো তৈরি হয়নি।কনটেন্ট প্রোভাইডারদের সুরক্ষা: বর্তমানে দেশে কনটেন্ট প্রোডিউসার অর্থাৎ শিল্পী বা কবি বা গেমস প্রস্তুতকারীরা পণ্য তৈরি করে নিজের পছন্দের কনটেন্ট প্রোভাইডারদের হাতে তুলে দেন, যা কনটেন্ট প্রোভাইডাররা মোবাইল অপারেটরদের কাছে বিক্রি করেন। এভাবে দুই স্তরে পণ্যের হাতবদলের পরে অপারেটর তার গ্রাহকের কাছে ‘ভাস’ পণ্য পৌঁছে দেয় পুরোপুরি সুরক্ষিত ও নিরাপদ অবস্থায়। তবে কনটেন্ট প্রোভাইডারদের অভিযোগ, তাঁরা ন্যায্যমূল্য পান না। তাই বিষয়টি বিটিআরসির একটি কমিটি নিয়মিত নজরদারি করবে এবং তাঁদের উপযুক্ত প্রাপ্য পেতে সাহায্য করবে বলে জানান সুনীল কান্তি বোস।সরকারের রাজস্ব বাড়বে: বিটিআরসি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে থ্রিজির মাধ্যমে সরকারি কোষাগারে রাজস্ব বাবদ প্রায় শতকোটি ডলার জমা পড়বে। মুঠোফোন কোম্পানিগুলোর আগ্রহ বাড়াতে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম তিন কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে দুই কোটি ডলার করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আগামী রোববার বৈঠক হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। সুনীল কান্তি আরও বলেন, বাতিল হওয়া ভাস নীতিমালার সেবার সঙ্গে বিদ্যমান টুজি লাইসেন্স নবায়ন নীতিমালার আওতায় যেভাবে ভাস-সেবা দেওয়ার কথা বলা আছে, তা পরস্পরের পরিপন্থী। এটি বিনিয়োগকারীদের মধ্যে একধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে। এ ছাড়া টেলিটকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু করা থ্রিজির কারণে দেশে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।