মূল্য সংশোধন শেয়ারবাজারে
টানা ছয় কর্মদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দুই শেয়ারবাজারেরই সূচক যেমন কমেছে, তেমনি কমেছে লেনদেনও।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা সূচকের নিম্নমুখী প্রবণতাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তাঁদের মতে, টানা ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে অনেকের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে। এটিই গতকালের মূল্য সংশোধনে বড় ভূমিকা রাখে।
জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি তালিকাভুক্ত ব্যাংকসহ আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেশ বেড়েছে। তাই এসব খাতের শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা তুলবেন—এটাই স্বাভাবিক। তিনি বলেন, বাজারের চিত্র দেখে মনে হয়, আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের বেশি দাম কমেছে। যেসব বিনিয়োগকারী ব্যাংকিং, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাতে বিনিয়োগ করেছিলেন, তাঁদের অনেকেই মুনাফা তুলে নেওয়ায় ওই সব কোম্পানির দাম পড়ে গেছে। এর প্রভাব পড়েছে সূচকেও। তাই সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় হাজার ৩৯৫ পয়েন্টে। নিম্নমুখী প্রবণতার মধ্যদিয়েই শুরু হয় দিনের লেনদেন, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে গতকাল ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দাম কমেছে, বেড়েছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৭২৮ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১৬১ কোটি টাকা কম। বুধবার এ বাজারে ৮৮৯ কোটি টাকার লেনদেন হয়।
সূচক ও লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৩ হাজার ৬০৭ পয়েন্টে।
সিএসইতে গতকাল ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়। এর মধ্যে ১৪৮টির দাম কমেছে, বেড়েছে ৬৩টির আর অপরিবর্তিত ছিল ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয় ৮৫ কোটি টাকার শেয়ারের, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। বুধবার এ বাজারে ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।