মূল্য সংশোধন হলো সপ্তাহের শেষ দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। তবে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে মূল্য সংশোধন বলে অভিহিত করেছেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট কমেছে। সাধারণ সূচক কমেছে প্রায় ২৯ পয়েন্ট।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে প্রায় ৬৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত কয়েক দিনের টানা ঊর্ধ্বগতির পর মুনাফা তুলে নেওয়ার চাপে গতকাল বাজারে শেয়ারের মূল্য হ্রাস পাওয়ায় সূচক কমেছে। এটি বাজারের স্বাভাবিক মূল্য সংশোধন প্রক্রিয়ারই একটি অংশ। জানতে চাইলে সিএসইর সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির পর গতকাল বাজারে কিছুটা স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবসে বড় দরপতনের দিনে যাঁরা শেয়ার কিনেছিলেন, তাঁদের কেউ কেউ মুনাফা তুলে নিয়েছেন। বুধবার থেকে বাজারে এই মুনাফা তুলে নেওয়ার চাপ ছিল।ফখরুদ্দিন আলী আহমেদ আরও বলেন, আগামী বছরের বাজেটে শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের ‘বিশেষ সুবিধা’ রাখা হয়নি। ফলে এই সুবিধা ৩০ জুন শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যে হয়তো কেউ কেউ এই সুবিধা নিচ্ছেন। এতে লেনদেনে গতি সঞ্চার হয়েছে। এ ছাড়া অনেক বিনিয়োগকারীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, বাজেট পাসের আগে পুঁজিবাজারের জন্য ইতিবাচক আরও কয়েকটি বিষয় যুক্ত হতে পারে।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। কয়েক দফা ওঠানামার পর পতন দিয়ে লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে চার হাজার ৮০ পয়েন্টে। আর সাধারণ সূচক কমে হয়েছে প্রায় চার হাজার ৩০০ পয়েন্ট।সিএসইর সাবেক সভাপতি বলেন, এখনো বাজারে সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সক্রিয় হয়ে ওঠেনি। সামনে অর্ধবার্ষিক আর্থিক হিসাবের একটি বিষয় রয়েছে। তাই যত সময় যাবে, ততই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের প্রয়োজনে বাজারে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠবে।কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ডিএসইতে বৃহস্পতিবার খাতভিত্তিক লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১৬ শতাংশ। আর দাম কমলেও একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্ল। দিন শেষে কোম্পানিটির একক লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি টাকা, যা ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় পৌনে ৫ শতাংশ। কসমোপলিটনের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনের পেছনে বড় ভূমিকা ছিল গ্রামীণফোন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, রেনেটা, আইসিবি, বাংলাদেশ সাবমেরিন কেবলের মতো কোম্পানিগুলো। ঢাকার বাজারে গতকাল ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টির দাম বেড়েছে, কমেছে ১২১টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৯৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৫৯ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির দাম কমেছে, বেড়েছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা কম।