মূল্য সংশোধনের দিনেও লেনদেনে বড় উল্লম্ফন

দেশের প্রধান শেয়ারবাজারে গতকাল বুধবার বেশির ভাগ শেয়ারের মূল্য সংশোধন হয়েছে। আগের দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের বড় ধরনের উত্থান ঘটলেও গতকাল সূচকে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৮ পয়েন্ট বাড়লেও সাধারণ মূল্যসূচক ২ পয়েন্ট কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতনের পরও সূচক সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল মৌলভিত্তির কিছু শেয়ারের মূল্যবৃদ্ধি। সূচকে মৌলভিত্তির এসব শেয়ারের প্রাধান্য বেশি।
কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকার বাজারের সূচককে ঊর্ধ্বমুখী রাখার পেছনে বড় ভূমিকা রেখেছে তিতাস গ্যাস, বেক্সিমকো, বেক্সফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, খুলনা পাওয়ার। এই পাঁচটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রায় শূন্য দশমিক ৫০ শতাংশ সূচক বাড়িয়েছে।
এসব কোম্পানির মধ্যে তিতাসের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ বা তিন টাকা ৮০ পয়সা। বেক্সিমকো, বেক্সফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেব্লস ও খুলনা পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম যথাক্রমে ৭ দশমিক ৫৮, ৯ দশমিক ১৩, চার দশমিক ৩০ এবং ৬ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে ঢাকার বাজারের সূচক সাড়ে চার হাজার পয়েন্টের কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল। সেই প্রতিবন্ধকতা অতিক্রম করায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁরা ভাবছেন, সূচকের ইতিবাচক ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি যেসব বিনিয়োগকারী মুনাফা তুলে নিয়েছেন, তাঁরা আবারও বিনিয়োগে ফিরে আসছেন। সব শ্রেণীর বিনিয়োগকারীরা বাজারকে এখন ইতিবাচকভাবে দেখছেন।
মনিরুজ্জামান আরও বলেন, বড় ধরনের ঊত্থানের পর স্বাভাবিক নিয়মে বাজারে কিছুটা মূল্য সংশোধনের চাপ তৈরি হয়। এ কারণে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।
এদিকে মঙ্গলবারের মতো গতকালও লেনদেনে একক প্রাধান্য ধরে রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এদিন লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে আরও বেড়েছে। দিন শেষে এ খাতের ১৫ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২২১ কোটি টাকায়, যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ২৭ শতাংশ। একক কোম্পানি হিসেবে এদিন লেনদেনের শীর্ষে ছিল সরকারি মালিকানাধীন কোম্পানি তিতাস গ্যাস। দিন শেষে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৪৭ কোটি টাকা, যা ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ৬ শতাংশ।
ডিএসইতে বুধবার ২৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টিরই দাম কমেছে, বেড়েছে ১১৮টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। দিন শেষে ডিএসইর লেনদেনের পরিমাণ ছিল ৮০৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি টাকা বেশি। গত ১৯ জুনের পর ঢাকার বাজারে গতকাল সর্বোচ্চ লেনদেন হয়েছে।
চট্টগ্রামের বাজারে ২০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৮টিরই দাম কমেছে, বেড়েছে ৬৮টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।