দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর বেশির ভাগেরই দরপতন ঘটেছে। তা সত্ত্বেও সপ্তাহ শেষে ঢাকার বাজারের লেনদেন ও সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেই ডিএসইর সাধারণ সূচক কমেছে প্রায় ১১২ পয়েন্ট। তবে শেয়ারের এই দরপতনকে স্বাভাবিক ‘মূল্য সংশোধন’ বলে অভিহিত করেছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।বাজার-পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের আইনি বাধ্যবাধকতার বিষয়টিকে ঘিরে বাজার ইতিবাচক মোড় নিয়েছে। কয়েক দিন একটানা দর বাড়ার পর বাজারে মূল্য সংশোধন হবে—এটাই স্বাভাবিক। কারণ, যাঁরা নিয়মিতভাবে বাজারে লেনদেনের সঙ্গে জড়িত, তাঁদের মধ্যে স্বল্পমেয়াদি মুনাফার প্রবণতা বেশি থাকে। তবে এখনই বলা যাবে না আমাদের শেয়ারবাজারে পুরোপুরি আস্থা বা স্থিতিশীলতা ফিরে এসেছে। এ জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।’মোহাম্মদ হেলাল আরও বলেন, বাজারে স্বল্প পুঁজির যাঁরা বিনিয়োগকারী রয়েছেন, তাঁদের অনেকেই এখনো বিপুল লোকসানে রয়েছেন। তাই তাঁদের অনেকের পক্ষেই হয়তো লেনদেনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এই মুহূর্তে বাজারে ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লেনদেনে বেশি সক্রিয় রয়েছেন। এ ছাড়া সামগ্রিকভাবে বাজারে শেয়ারের মূল্য আয়ের (পিই) অনুপাত এখনো সহনশীল একটি জায়গায় রয়েছে। মোহাম্মদ হেলালের মতে, ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণের সময়সীমা শেষ হলে বাজারে বড় ধরনের উত্থান-পতনের প্রবণতা বা অস্থিরতা অনেকাংশে কমে যাবে। কারণ, আইনি বাধ্যবাধকতার কারণেই তালিকাভুক্ত কোম্পানির লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ অনেক কমে যাবে। এদিক সপ্তাহ শেষে ঢাকার বাজারের সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪টিরই দাম কমেছে, বেড়েছে ৮৯টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬৬টিরই দাম বেড়েছিল আর কমেছিল ৯২টির দাম।গত সপ্তাহ শেষে ডিএসইতে মোট পাঁচ হাজার ১০৭ কোটি টাকারও বেশি লেনদেন হয়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় চার হাজার ২২৮ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মোট লেনদেন প্রায় ২১ শতাংশ বা ৮৭৯ কোটি টাকা বেড়েছে। একই সঙ্গে দৈনিক গড় লেনদেন বেড়ে হয়েছে প্রায় এক হাজার ২১ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৪৬ কোটি টাকা।সপ্তাহ শেষে ডিএসইতে শেয়ারের মূল্য আয় অনুপাতের গড় ভারিত্ব কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭-এ। আগের সপ্তাহে যা ছিল ১৪ দশমিক ২৮-এ। গত সপ্তাহে বাজারে আরও দুটি নতুন কোম্পানির লেনদেন শুরু হয়েছে। কোম্পানি দুটি হলো, জিপিএইচ ইস্পাত ও পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স। নতুন কোম্পানির লেনদেন শুরুর পাশাপাশি গত সপ্তাহে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি বছর শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। যেসব কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করেছে, তা ওই কোম্পানির শেয়ারের দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।