মূল্য স্থিতিশীলতায় বিশেষ নীতিমালা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল অব্যাহত রাখতে ঈদুল ফিতরের পরপরই দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিশেষ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেবে। ধর্মীয় উৎসব সামনে রেখে ভবিষ্যতে কোনো অসাধু ব্যবসায়ী যাতে ভোক্তাদের জিম্মি করে পণ্যের দাম বাড়াতে না পারেন, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।গতকাল বুধবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি এ কে আজাদের নেতৃত্বে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার বৈঠককালে এসব কথা বলেন।বৈঠকে এফবিসিসিআইয়ের নেতারা বলেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর দায়ভার তিন কোটি ব্যবসায়ীর সমাজ নেবে না। যারা ভোক্তাদের জিম্মি করে পণ্যসামগ্রীর দাম বাড়ায়, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক শামসুল হক, হারুন-অর রশিদ, এম এ মোমেন, আবু আলম চৌধুরী, আবদুল মোক্তাদির, গোলাম মোস্তফা তালুকদার, এম মাকসুদুর রহমান, মো. জালালউদ্দিন, মনোয়ারা হাকিম আলী, মমতাজ উদ্দিন, আবদুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।দিলীপ বড়ুয়া বলেন, ব্যবসা করা সরকারের কাজ নয় বরং বেসরকারি উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে সহায়তা দেওয়া সরকারের দায়িত্ব। শিল্প মন্ত্রণালয় নতুন শিল্প কারখানা স্থাপনের পরিবর্তে বেসরকারি উদ্যোগে শিল্পায়ন কার্যক্রম গতিশীল করতে সহায়তা দিচ্ছে।শিল্পমন্ত্রী আরও বলেন, দেশীয় পণ্যের গুণগত মানোন্নয়ন ও নিয়ন্ত্রণে সহায়তা দিতে বিএসটিআইকে ইতিমধ্যে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ভারতসহ প্রতিবেশী দেশগুলোয় বিএসটিআই প্রদত্ত মানসনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে। বর্তমানে ভারতের একটি বিশেষজ্ঞ দল বিএসটিআইয়ের গবেষণাগারের উন্নয়নে কাজ করছে বলে তিনি জানান।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, নতুন শিল্পনীতির বিভিন্ন নির্দেশনাকে সরকারি আদেশ হিসেবে ঘোষণা করতে হবে। তা না হলে শিল্পনীতির অর্থবহ বাস্তবায়ন হবে না। রমজান মাসে চিনির মূল্য স্থিতিশীল রাখতে শিল্প মন্ত্রণালয় গৃহীত উদ্যোগকে তিনি স্বাগত জানান।এ কে আজাদ রাষ্ট্রীয় মালিকানাধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোকে দ্রত বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন।তবে এ বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, লোকসানি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চাকরি রাখার শর্তে ছেড়ে দেওয়া যেতে পারে,আগের মতো ঢালাওভাবে নয়। কারণ আগের ছেড়ে দেওয়া কারখানাগুলোতে শিল্পের পরিবর্তে এখন বাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। এফবিসিসিআইয়ের নেতারা বলেন, সুষম অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশের অনুন্নত অঞ্চলে শিল্পায়নের জন্য উদ্যোক্তাদের কর অবকাশসহ বিশেষ সুযোগ দিতে হবে। তারা কর্মসংস্থান সৃজনের জন্য রাজশাহী ও রংপুরে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি জানান। তাঁরা বিসিক শিল্পনগরীগুলোর সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্পনগরী গড়ে তোলারও সুপারিশ করেন। ব্যবসায়ীরা শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে চাহিদামাফিক গ্যাস সরবরাহ এবং পরিবেশ অধিদপ্তরের অহেতুক হয়রানি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।এ ছাড়া ভেজালবিরোধী অভিযানের নামে অহেতুক হয়রানি ও জরিমানা বন্ধেরও দাবি জানান ব্যবসায়ীরা। তবে ভেজাল খাদ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।