মূল্যবৃদ্ধি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের, কমেছে আয় ও লভ্যাংশ
শেয়ারধারীদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন। ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। গত বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত হয়। গতকাল রোববার তা শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জানাতে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ সাল শেষে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের লভ্যাংশ ও আয় আগের বছরের চেয়ে কমেছে। ২০১৫ সালে কোম্পানিটি শেয়ারধারীদের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর ওই বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল প্রায় ৬৯ টাকা। সেখানে ২০১৬ সাল শেষে ইপিএস কমে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫১ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও ইপিএস আগের বছরের চেয়ে কমলেও গতকাল বাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫৫৩ টাকায়। ঘোষিত লভ্যাংশের হিসাবে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৫০ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারধারীরা। সে জন্য কোম্পানিটির শেয়ারধারীদের অপেক্ষা করতে হবে ২৩ মার্চ পর্যন্ত। কারণ, ওই দিনই কোম্পানিটির রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত ওই দিনে যাঁদের হাতে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের শেয়ার থাকবে, কেবল তাঁরাই আইনগতভাবে ঘোষিত লভ্যাংশের দাবিদার হিসেবে বিবেচিত হবেন। এরপর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওই লভ্যাংশ অনুমোদনের পর তা বণ্টন করা হবে।
ডিএসইর তথ্যানুযায়ী, ২০১৫ সালের জন্য গ্ল্যাক্সো লভ্যাংশ ঘোষণা করে গত বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তখন কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ১ হাজার ৮৯০ টাকায়। আর গতকাল লভ্যাংশের ঘোষণা আসার দিনে এটির শেয়ারের বাজারমূল্য ১ হাজার ৫৫০ টাকার ঘরে। ওষুধ খাতের বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এ দেশের নিবন্ধিত কার্যালয় চট্টগ্রামের ফৌজদারহাটে। তাই আইনগত বাধ্যবাধকতার কারণে কোম্পানিটিকে এজিএমও করতে হবে চট্টগ্রামে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিল চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪৩ পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার বাজারে।