মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে স্বল্প মূলধনের কোম্পানিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে গতকাল বুধবার মূল্যবৃদ্ধিতে স্বল্প মূলধনের কোম্পানিগুলো আধিপত্য বিস্তার করেছে। পাশাপাশি মূল্যবৃদ্ধিতে ভালো অবস্থানে ছিল বহুজাতিক কোম্পানিগুলোও। দিন শেষে বাজার পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ৩৪টি কোম্পানির দাম ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এসব কোম্পানির অধিকাংশের পরিশোধিত মূলধন ৪০ লাখ টাকা থেকে ৪৫ কোটি টাকা পর্যন্ত।
কোম্পানিগুলো হলো: এসিআই ফরমুলেশন, আলহাজ টেক্সটাইল, এমবি ফার্মা, এপেক্স এডেলকি, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, আরামিট, এটলাস বাংলাদেশ, সিভিও পেট্রোকেমিক্যালস, দেশ গার্মেন্টস, ইস্টার্ন লুব্রিকেন্টস, জেমিনি সি ফুড, গ্ল্যাক্সো স্মিথক্লাইন, জিকিউ বলপেন, হাক্কানি পাল্প, জনতা ইনস্যুরেন্স, জুট স্পিনার্স, কোহিনূর কেমিক্যালস, লিবরা ইনফিউশান, লিগেসি ফুটওয়্যার, ম্যারিকো বাংলাদেশ, মডার্ন ডায়িং, মুন্নু স্টাফলার, ন্যাশনাল টিউবস, প্রাইম ইনস্যুরেন্স, রহিম টেক্সটাইল, রেকিট বেনকিজার, সাভার রিফ্যাক্টরিজ, সোনার বাংলা ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, স্টাইল ক্রাফট, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স ও ঝিলবাংলা।
এসব কোম্পানির মধ্যে এসিআই ফরমুলেশন ও ইউনাইটেড ইনস্যুরেন্সের পরিশোধিত মূলধন ৪০ কোটি বা তার বেশি। ৩০ থেকে ৩৫ কোটি টাকার মূলধনের কোম্পানি ম্যারিকো, জনতা ও প্রাইম ইনস্যুরেন্স। ২০ থেকে ৩০ কোটি টাকার মূলধনের কোম্পানি এটলাস বাংলাদেশ, তাকাফুল ইসলামী ও সোনার বাংলা ইনস্যুরেন্স। বাকি কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ২০ কোটি টাকার নিচে। কয়েকটি কোম্পানির মূলধন এক কোটি বা তারও কম।
উল্লিখিত কোম্পানিগুলোর শেয়ারের দাম এক দিনে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়লেও সূচকে তেমন প্রভাব পড়েনি। কারণ, সূচকে এসব কোম্পানির প্রভাব সীমিত।
জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে বাজারে বড় ধরনের কোনো বিনিয়োগ নেই। তারল্য সরবরাহও খুব একটা বাড়েনি। এই অবস্থায় অল্প পুঁজি দিয়ে স্বল্প মূলধনের কোম্পানিগুলো নিয়ে হয়তো একধরনের কারসাজি ঘটছে। কারণ, এসব শেয়ারের দাম বাড়তে খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না। কারসাজির কারণে সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য এখনই নিয়ন্ত্রক সংস্থার এ ক্ষেত্রে নজর দেওয়া উচিত।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বুধবার লেনদেন শেষে ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৭ পয়েন্টে। এদিন ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম।