মূল্যবৃদ্ধির শীর্ষে কম মূলধনের কোম্পানি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার দাম বাড়ার শীর্ষে ছিল স্বল্প মূলধনের কোম্পানিগুলো। ১০০ কোটি টাকা বা তার কম মূলধনের কোম্পানিগুলো ছিল এ তালিকায়। ডিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকার নয়টিই ছিল শত কোটি টাকার কম মূলধনের। আবার এদের মধ্যে বেশির ভাগই ছিল বিমা কোম্পানি। গতকাল ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ছিল ২৫ কোটি টাকা মূলধনের কোম্পানি সায়হাম টেক্সটাইল। দ্বিতীয়টি ১৫ কোটি টাকা মূলধনের কোম্পানি প্রাইম লাইফ ইনস্যুরেন্স। ওই তালিকায় আরও ছিল স্কয়ার টেক্সটাইল, উত্তরা ফিন্যান্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মেঘনা সিমেন্ট ও এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স। এসব কোম্পানির মধ্যে একমাত্র ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ছাড়া অন্য সব কটির মূলধন শত কোটি টাকার কম।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বার্ষিক লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে অনেক বিনিয়োগকারী কম মূলধনের কোম্পানির দিকে ঝুঁকছেন। বিনিয়োগকারীদের ধারণা, কম মূলধনের কোম্পানিকে পুঁজি বাড়াতে হলে বোনাসের পরিমাণও বাড়াতে হবে। পাশাপাশি প্রতিদিনের লেনদেনে কোম্পানিগুলোর দাম বাড়া-কমার ব্যবধানটাও খুব বেশি নয়। ফলে লোকসানের ঝুঁকি কম। এসব কারণে কম মূলধনের কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়ে থাকতে পারে। গতকাল শেয়ারবাজারের গ্রাহক ঋণ পরিস্থিতিও ছিল আগের দিনের মতো। এ নিয়ে দু-একটি ঋণদাতা প্রতিষ্ঠানে গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের তর্কাতর্কিও হয়। ঋণ পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী শেখ মর্তুজা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গত দুই দিনে বাজারের সূচক বেশ বেড়েছে। সেই সঙ্গে নিষ্ক্রিয় থাকা অনেক বিনিয়োগকারীও সক্রিয় হয়েছেন। নতুন করে অনেকে আবার বাজারের প্রতি আকৃষ্ট হয়েছেন। এতে বিনিয়োগকারীদের দিক থেকেও বাজারে আমানত বাড়ছে। এ অবস্থায় ঋণসীমা আর বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না।’বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীরা সর্বোচ্চ সীমার ঋণ নিয়ে বাজারে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন না। তাঁরা মনে করছেন, বেশি ঋণ নিয়ে বাজারে বিনিয়োগ করলে ঝুঁকিও অনেক বাড়বে। সাম্প্রতিক দরপতনের পর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এই ভীতি তৈরি হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বেঁধে দেওয়া সীমা অনুযায়ী ঋণদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সর্বোচ্চ ১ : ২ অনুপাতে (এক লাখ টাকার বিপরীতে দুই লাখ টাকা) ঋণসুবিধা দিতে পারবে। ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন এমন বিনিয়োগকারীর শেয়ার যাতে দরপতনের কারণে জোরপূর্বক বিক্রির (ফোর্স সেল) আওতায় না পড়ে, এ জন্যই এসইসি ঋণসীমা বাড়িয়ে দেয়।