মূল্যমান হারাচ্ছে পাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের পর টাকার বিপরীতে মান হারাচ্ছে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিং। গত বুধবার লন্ডন থেকে পাঠানো পাউন্ডের বিপরীতে বাংলাদেশে পাওয়া গেছে ১১৫ টাকা। আর গতকাল রোববার তা কমে দাঁড়িয়েছে ১০৭ টাকায়। ফলে লন্ডন থেকে কোনো প্রবাসী ১ হাজার পাউন্ড পাঠালে বাংলাদেশে তাঁর স্বজনেরা ৮ হাজার টাকা কম পাচ্ছেন।
গতকাল বাংলাদেশের ব্যাংকগুলো নগদে পাউন্ড বিক্রয় করেছে ১০৬-১০৭ টাকায়। গত বুধবারও যা ছিল ১১৫ টাকায়। এদিকে আরও পতনের আশঙ্কায় যুক্তরাজ্যের এক্সচেঞ্জ হাউসগুলো পাউন্ডে রেমিট্যান্স গ্রহণ প্রায়ই বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। পাউন্ডের পতন অব্যাহত থাকলে বাংলাদেশের বৈদেশিক আয়ে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাজ্যে গণভোটের পর পাউন্ডের দাম ৭-৮ টাকা কমে গেছে। এর ফলে যারা যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স পাঠায়, তারা নিরুৎসাহিত হচ্ছে। এভাবে চললে পাউন্ডে যে রপ্তানি আয় আসে, তাও কমে যাবে। তবে এটা সাময়িক অভিঘাত। পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লাগবে। যুক্তরাজ্যের অর্থনীতি সচল থাকলে আমাদের কোনো সমস্যা হবে না।’
ব্যাংকগুলো সূত্রে জানা গেছে, গতকাল জনতা ব্যাংক নগদে পাউন্ড বিক্রয় করেছে ১০৭ টাকা ৫০ পয়সায়। হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বিক্রয় করেছে ১০৮ টাকা ৯৬ পয়সায়। সোনালী ব্যাংকের ইউকে শাখা প্রতি পাউন্ডের বিপরীতে দিয়েছে ১০৮ টাকা। বুধবারও প্রতি পাউন্ড গড়ে বিক্রি হয়েছে ১১৫ টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১৪ জুন থেকে টাকার বিপরীতে পাউন্ডের মূল্য কমছে। ১৪ জুন পাউন্ডের মূল্য ছিল ১১০ টাকা। এরপর প্রতিদিন বেড়ে ২০ জুন হয় ১১৫ টাকা। এরপরই হঠাৎ কমে হয় ১০৭ টাকা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে আমদানির জন্য যেসব ঋণপত্র খোলা হয় তার বেশির ভাগ ডলারে। ফলে আমদানিতে পাউন্ডের দাম কমার প্রভাব পড়বে না। তবে দাম কমায় তৃতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ যুক্তরাজ্য থেকেও রপ্তানির বিপরীতে আয় কমে যাবে। এ ছাড়া যুক্তরাজ্য থেকে আসা রেমিট্যান্স থেকে আয়ও কমবে। ফলে সামগ্রিকভাবে বৈদেশিক আয় কমে আসবে।