মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসংবেদনশীল কোনো তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাবে কোম্পানিগুলো আজ মঙ্গলবার এ তথ্য জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো সাফকো স্পিনিং, মডার্ন ডাইং, দুলামিয়া কটন, রহিমা ফুড, সোনারগাঁ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, জেএমআই সিরিঞ্জ, সিভিও পেট্রোকেমিক্যাল, রহিম টেক্সটাইল ও স্টাইল ক্রাফট।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘ডিএসইর অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এই কোম্পানিগুলো জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।’

ডিএসইর ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এরই পরিপ্রেক্ষিতে ডিএসইর পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর জবাব আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্টাইল ক্রাফটের প্রতিটি শেয়ারের দাম ৭১২ টাকা বেড়েছে। ১৭ আগস্ট প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৬০৪ টাকা। এক মাসের ব্যবধানে তা বেড়ে এক হাজার ৩৭৬ টাকায় দাঁড়িয়েছে।

এ ছাড়া গত এক মাসে রহিম টেক্সটাইলের শেয়ারের দাম ২০০ টাকা থেকে বেড়ে ৩৪৩ টাকায়, সিভিও পেট্রোকেমিক্যালের দাম ৪৯৫ টাকা থেকে ৮৭২.৬০ টাকায়, দেশ গার্মেন্টসের দাম ২৭.২০ টাকা থেকে ৭২.৯০ টাকায়, সোনারগাঁ টেক্সটাইলের দাম ১৩.২০ থেকে ২২.২০ টাকায়, রহিমা ফুড ১৫.৩০ টাকা থেকে ৩২.৭০ টাকায় দাঁড়িয়েছে।

এ ছাড়াও সাফকো স্পিনিংয়ের দাম ১৯ টাকা থেকে বেড়ে ২৯.৯০ টাকায়, মডার্ন ডাইংয়ের শেয়ারের দাম ৬৪.৯০ টাকা থেকে ১৫৬.৫০ টাকায়, দুলামিয়া কটনের শেয়ারের দাম ৮ টাকা থেকে বেড়ে ১০ টাকায় ও জেএমআই সিরিঞ্জের প্রতিটি শেয়ারের দাম ৮৬.৩০ টাকা থেকে বেড়ে ৩০৬.২০ টাকায় দাঁড়ায়।