মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে বলে জানিয়েছে আরও ছয়টি কোম্পানি। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাবে প্রতিষ্ঠানগুলো এ তথ্য জানায়। ডিএসইর ওয়েবসাইটে আজ এ তথ্য প্রকাশ করা হয়।
গতকাল মঙ্গলবারও ১০টি কোম্পানি ডিএসইর অনুসন্ধানের জবাব দেয়। তারাও একই তথ্য জানায়।
আজ অনুসন্ধানের জবাব দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, লিবরা ইনফিউশন, মুন্নু স্টাফলার, আনোয়ার গ্যালভানাইজিং, লিগাসি ফুটওয়ার, বিডি অটোকারস ও এএমসিএল (প্রাণ)।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘ডিএসইর অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এই কোম্পানিগুলো জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।’
এ বিষয়ে ডিএসইর এক কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, সম্প্রতি বেশ কয়েকটি স্বল্প মূলধনের কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। বিষয়টি সার্ভিল্যান্স বিভাগের নজরে আসায় গতকাল ও আজ তা অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো ওই জবাব দেয়।