মূল্যসূচক আবার চার হাজার পয়েন্ট ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আবার চার হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে।গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে এই সূচক বেড়ে প্রায় চার হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। টানা দরপতনের পর ডিএসইর সাধারণ সূচক ১ ফেব্রুয়ারি চার হাজার পয়েন্টের নিচে নেমে আসে। গত পাঁচ কার্যদিবস ধরেই সেটি চার হাজার পয়েন্টের নিচে অবস্থান করছিল। ব্যাপক দরপতনে ৬ ফেব্রুয়ারি ডিএসইর সাধারণ সূচক তিন হাজার ৬১৬ পয়েন্টে নেমেছিল। ২০০৯ সালের ১৫ নভেম্বরের পর এটিই ছিল সূচকের সর্বনিম্ন অবস্থান।ঢাকার বাজারে গতকাল দরপতন দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে মূল্যসূচক প্রায় ৫ দশমিক ২৮ শতাংশ বা ২০১ পয়েন্ট বেড়েছে। সে সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।এর আগে মঙ্গলবার ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক এক দিনে প্রায় ৯ শতাংশ বা ৩২৯ পয়েন্ট বেড়েছিল। পরদিনই তা আবার ১৩৫ পয়েন্ট কমে যায়। আর বুধবার সূচক ২০১ পয়েন্ট বেড়েছে। এভাবে তিন দিন ধরে সূচকের বড় ধরনের উত্থান-পতন চলছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪ দশমিক ৬৮ শতাংশ বা ৫২২ পয়েন্ট বেড়ে হয়েছে ১১ হাজার ৬৯১ পয়েন্ট। টানা দরপতনে সিএসইর এই সূচকটিও সাম্প্রতিক সময়ে ১১ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাম্প্রতিক দরপতনে বাজার যে পর্যায়ে নেমে এসেছিল, সেটি ছিল অপ্রত্যাশিত। অনেক শেয়ারের দামই বিনিয়োগ-উপযোগী অবস্থানে নেমে যায়। তা সত্ত্বেও অনিশ্চয়তার কারণে কেউ বিনিয়োগে এগিয়ে আসছিল না। এই অনিশ্চয়তা কাটতে শুরু করলে বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরে আসবে।যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, বাজার যে অবস্থানে নেমে এসেছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা ছিল সময়ের দাবি। একনাগাড়ে বাজার কখনো কমতে পারে না। তাই যখনই অস্থিরতা কমছে, তখনই বাজারে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। অনেক কোম্পানি লভ্যাংশ ঘোষণা দিতে শুরু করেছে। এটিও বাজারে প্রভাব ফেলছে।মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘ব্যাংকের আমানত ও ঋণের সুদের হার যৌক্তিক একটি পর্যায়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এটিও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।’দিন শেষে গতকাল ডিএসইতে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে প্রায় ৯৭ শতাংশ বা ২৫০টির দাম বেড়েছে, কমেছে আটটির আর অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। বৃহস্পতিবার ঢাকার বাজারে প্রায় ২২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৫ শতাংশ বা ১৭৩টির দাম বেড়েছে, কমেছে আটটির আর অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে প্রায় ৪০ কোটি টাকার লেনদেন হয়।