মূল্যসূচক ঊর্ধ্বমুখী বেড়েছে লেনদেনও
দেশের শেয়ারবাজারে গতকাল রোববার থেকে পরিবর্তিত সময়ে লেনদেন শুরু হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই গতকাল থেকে লেনদেনের সময়সীমা ৩০ মিনিট এগিয়ে এসেছে। দুই বাজারেই এ দিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে টানা আড়াইটা পর্যন্ত চলে। আগে দুই বাজারে বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত তা চলত। পরিবর্তিত সময় ও সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেনে ছিল ঊর্ধ্বগতি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এ দিন ১২১ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ বেড়েছে। সেই সঙ্গে লেনদেন ছাড়িয়ে গেছে পৌনে ৩০০ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ বা ৩৩১ পয়েন্ট। একই সঙ্গে চট্টগ্রামের বাজারে লেনদেন ছাড়িয়ে গেছে ৪০ কোটি টাকা। আগামী বাজেটেও পুঁজিবাজারে বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল রাখার সরকারি ঘোষণা ও বিশেষ করে কালোটাকা সাদা করার অবাধ সুবিধা দেওয়ার বিষয়টি শেয়ারবাজারের গতকালের উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ক্ষমতাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি গতকাল শুরু হয়েছে। এর আগে এসব রিট আবেদনের বিষয়গুলো নিষ্পত্তির জন্য তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি সেসব আবেদন শুনানির জন্য উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে পাঠান। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে গতকাল এই শুনানি অনুষ্ঠিত হয়। এ দিন আদালত রিট আবেদনকারী ও সরকার পক্ষের কৌঁসুলির বক্তব্য শোনেন। শুনানি শেষে আজ সোমবার এ বিষয়ে আদেশ জারির কথা রয়েছে। রোববার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮৫৫ পয়েন্টে। এর ফলে টানা ছয় দিনের পতনের পর তিন দিন ধরে সূচকের ঊর্ধ্বগতি বজায় থাকল। দিন শেষে রোববার ঢাকার বাজারে ২৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৯২ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৪২০ পয়েন্টে।তদন্ত কমিটি: অপরদিকে গত ২৯ মে হঠাৎ করে বাজারে অস্বাভাবিক পতনের কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি করেছে এসইসি। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ শামসুর রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানের সমন্বয়ে গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে। এসইসি জানিয়েছে, গত ২৯ মে লেনদেন চলাকালে বেলা দুইটা ৩০ মিনিট থেকে বেলা দুইটা ৩৫ মিনিট পর্যন্ত এই পাঁচ মিনিট ডিএসইর সাধারণ সূচকের দ্রুত পতন ঘটে। যদিও এর আগের এক ঘণ্টার লেনদেনে সূচক ছিল ঊর্ধ্বমুখী। তাই ওই দিন মাত্র পাঁচ মিনিটে সূচকের দ্রুত পতনের কারণ অনুসন্ধানে এ কমিটি করেছে এসইসি।