মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার মূল্যসূচক সামান্য কমেছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। এই প্রবণতাকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মূল্য সংশোধন বলে মনে করেন।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৬৬ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪ পয়েন্ট কমে ১২ হাজার ৯৩৫ পয়েন্টে নেমেছে।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, কয়েক দিনের দরবৃদ্ধির পর গতকাল বেশির ভাগ শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। যার প্রভাব পড়েছে সূচকে। বাজারের স্বাভাবিক নিয়মে বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিয়েছে। এই ধরনের মূল্য সংশোধন বাজারের জন্যই ভালো।
কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ডিএসইর সূচক পতনের পেছনে বড় ভূমিকা ছিল গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, পূবালী ব্যাংক ও তিতাস গ্যাসের। এই পাঁচ কোম্পানির কারণে ডিএসইর সূচক কমেছে প্রায় শূন্য দশমিক ২৪ শতাংশ।
একই প্রতিবেদন অনুযায়ী, খাতভিত্তিক লেনদেনে ডিএসইতে শীর্ষে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ। একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল সাবমেরিন কেব্ল। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশেরও বেশি।
ঢাকার বাজারে গতকাল সবচেয়ে বেশি মূল্য সংশোধন হয়েছে সেবা ও আবাসন খাতে। এর পরের অবস্থানে ছিল বস্ত্র খাত। বেশির ভাগ কোম্পানির দরপতনের এই দিনে দরবৃদ্ধিতে শীর্ষে ছিল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো।
ঢাকার বাজারে সোমবার ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১৪২টির, বেড়েছে ১২৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮২২ কোটি টাকা। এটি হচ্ছে চলতি বছর ও সাড়ে আট মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। ঠিক এক দিন আগে রোববারই হয় ৮১৫ কোটি টাকার লেনদেনের রেকর্ড।
চট্টগ্রামের বাজারে গতকাল ২১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১১৯টির, বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টির। সেখানকার বাজারে প্রায় ৬৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি।