মূল্যসূচক কিছুটা বেড়েছে লেনদেন ছিল নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কিছুটা বেড়েছে। তারপরও অস্থিরতা কাটেনি। বাজার গতকাল মঙ্গলবারও ছিল যথেষ্ট অস্থিতিশীল। ঋণসুবিধা বাড়িয়েও অস্থিতিশীলতা কমানো যাচ্ছে না। এসব কারণে লেনদেনের ওপর পড়েছে নেতিবাচক প্রভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রায় ১৭৫ পয়েন্টের মতো বেড়ে যায়। কিন্তু পরের আড়াই ঘণ্টায় ১৫০ পয়েন্ট কমে। শেষ পর্যন্ত সূচক মাত্র ২৫ পয়েন্ট বেড়ে আট হাজার ৩৫৫ পয়েন্ট হয়েছে। সূচকের একই ধরনের উত্থান-পতন দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এই স্টক এক্সচেঞ্জটির সাধারণ মূল্যসূচক দিনশেষে ৮০ পয়েন্ট বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০৯ পয়েন্ট। বাজার বিশ্লেষকেরা বলছেন, শেয়ারবাজারে এত দিন অতিরিক্ত তারল্যপ্রবাহ নিয়ন্ত্রক সংস্থার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। উল্টো এখন তারল্যপ্রবাহ বাড়াতে ঋণসুবিধা বাড়াতে হচ্ছে। এতে হয়তো বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক চাপ সাময়িকভাবে কিছুটা কমবে। কিন্তু ব্যাংকিং খাতে তারল্য সংকট বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী ঋণপ্রবাহ কতটুকু বাড়ানো যাবে তা নিয়ে সংশয় রয়েই গেছে। মূলত এ কারণেই সকালে লেনদেনের শুরুতে সূচক বাড়লেও শেষদিকে তা কমে যায়।খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল অনেক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস এসইসির বেঁধে দেওয়া অনুপাত অনুযায়ী ঋণ দিতে পারেনি। এসইসি গত সোমবার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে সমানুপাতিক (১:১) হারে ঋণ প্রদানের অনুমোদন দেয়। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস সূত্র বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমার (সিআরআর) হার বাড়ানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজার থেকে অতিরিক্ত তারল্য উঠিয়ে নিচ্ছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ অর্থের সংকটে রয়েছে। এর বাইরে বাংলাদেশ ব্যাংক শিল্প খাতের ঋণ শেয়ারবাজারে বিনিয়োগ নিরুৎসাহিত করতে নজরদারি কঠোর করেছে। পাশাপাশি যেসব বাণিজ্যিক ব্যাংক নিয়মের বাইরে শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগ করেছিল, চলতি মাসের মধ্যে তা সমন্বয়ের চাপও রয়েছে। এসব কারণে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে অর্থ জোগান দেওয়া তো দূরের কথা, উল্টো শেয়ার বিক্রি করে টাকা তুলতে হচ্ছে। সর্বোপরি ব্যাংকগুলোকে দৈনন্দিন চাহিদা মেটাতে অন্য ব্যাংক থেকে বেশি সুদে স্বল্প সময়ের জন্য (এক দিনের) ঋণ নিতে হচ্ছে, যা কলমানি নামে পরিচিত। গতকাল কলমানির সর্বোচ্চ হার ৬০ শতাংশে উঠেছিল।বিশ্লেষকদের মতে, আর্থিক বাজারের এ পরিস্থিতি পুঁজিবাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মূলত এসব কারণেই লেনদেন কমছে। বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও প্রভাব ফেলেছে। যেসব বিনিয়োগকারীর এত দিন কোম্পানির মৌলভিত্তি সম্পর্কে ভালো ধারণ ছিল না, সেসব বিনিয়োগকারী এখন কলমানি সুদের হারের খবরও রাখার চেষ্টা করছেন। প্রথম আলোতে ফোন করে অনেক বিনিয়োগকারী গতকালে কলমানির সর্বোচ্চ সুদ হার কত ছিল তা জানতে চেয়েছেন। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল এক হাজার ৫৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮৮ কোটি টাকা কম। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জটিতে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত ছিল একটি কোম্পানির দাম। ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত ছিল পাঁচটি কোম্পানির দাম।