মূল্যসূচক ঘুরে দাঁড়াল, বেড়েছে লেনদেনও
দেশের শেয়ারবাজারের মূল্যসূচক গতকাল বুধবার ‘ইউটার্ন’ নিয়েছে। দিন শেষে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সব সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ১৫৬ পয়েন্ট বা প্রায় চার শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৩ দশমিক ৭০ শতাংশ বা ৪৫০ পয়েন্ট। একই সঙ্গে দুই বাজারে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঘোষিত মুদ্রানীতিই বাজারের এই ঘুরে দাঁড়ানোর পেছনে বড় ভূমিকা রেখেছে। শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘোষিত মুদ্রানীতিকে পুঁজিবাজারবান্ধব বলে মনে করছেন, যার ইতিবাচক প্রভাব গতকালের বাজারে পড়েছে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে সেটি পুঁজিবাজারবান্ধব। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গে সরকারি ঋণ কমানোর কথাও বলা হয়েছে এই নীতিতে। এর ফলে শেয়ারবাজারেও তারল্য সরবরাহ বাড়বে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগসক্ষমতাও বাড়বে বলে আমরা মনে করি।’বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মুদ্রানীতি ঘোষিত হওয়ার পরপরই বাজারে তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের বেশির ভাগই এই মুদ্রানীতিকে পুঁজিবাজারবান্ধব বলে মনে করছেন, যা বাজারের ওপর তাদের আস্থা বাড়াতে সহায়তা করেছে। নতুন মুদ্রানীতির ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়লে তাতে শেয়ারবাজারের তারল্যসংকটও কিছুটা দূরীভূত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দিন শেষে ঢাকার বাজারে প্রায় ২০৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮২ কোটি টাকা বেশি। এ ছাড়া ১১ জুলাইয়ের পর গতকাল ডিএসইতে লেনদেন আবারও ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর চট্টগ্রামের বাজারের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।