মূল্যসূচক বাড়াল গ্রামীণফোনের দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার সূচক ও লেনদেনের বড় ধরনের উত্থান ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১ দশমিক ৩৬ শতাংশ বা ৫৮ পয়েন্ট বেড়েছে। সাধারণ সূচক বেড়েছে ১২৪ পয়েন্ট বা প্রায় পৌনে ৩ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১৫৭ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৬ পয়েন্টে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ডিএসইতে সূচক বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ৮ শতাংশ বা ১৬ টাকা ১০ পয়সা বেড়ে হয়েছে ২০৩ টাকা ৫০ পয়সা। এর ফলে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় ১ শতাংশ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মঙ্গলবার ডিএসইর সূচক বাড়িয়েছে মূলত গ্রামীণফোন। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, আগের দিনগুলোর ধারাবাহিকতায় গতকালও লেনদেনে আধিপত্য ধরে রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। দিন শেষে এ খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৩ শতাংশ। আর একক কোম্পানি হিসেবে লেনদেনে শীর্ষে ছিল গ্রামীণফোন। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৫ শতাংশ। এদিকে ঢাকার বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ২৯৫ কোটি টাকা। প্রায় দুই বছরের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ২০১১ সালের ৩১ জুলাই ডিএসইতে এক হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল। ঢাকার বাজারে মঙ্গলবার ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে চার হাজার ৩২১ পয়েন্ট। আর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৮৪ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে ২১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি। এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকালের সভায় অ্যালায়েন্স এস অ্যান্ড পি শরিয়াহ ইনডেক্স ফান্ড নামে নতুন একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ১০ কোটি টাকার এই ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এই ফান্ডে উদ্যোক্তারা জোগান দেবে এক কোটি টাকা আর বাকি নয় কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। স্বয়ংক্রিয় ইউনিটের পরিবর্তে কাগুজে ইউনিটের মাধ্যমে এটির লেনদেন চলবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। একই সভায় রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এত দিন ফান্ডটি ছিল একটি মেয়াদি ফান্ড। এটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ফান্ডটির আকার ৫০ কোটি টাকা। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।