দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবারও মূল্যসূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। ডিএসইর সাধারণ মূল্যসূচক এদিন এক দশমিক ৮৫ শতাংশ বা ৮৭ পয়েন্ট বেড়েছে। এর মধ্যে শুধু গ্রামীণফোনের কারণেই সাধারণ মূল্যসূচক বেড়েছে প্রায় এক দশমিক ১২ শতাংশ। পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৭৬ পয়েন্ট। তবে দুই বাজারে মূল্যসূচক ঊর্ধ্বমুখী থাকলেও লেনদেন খানিকটা কমে গেছে।ঢাকার বাজারে গতকাল গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম পৌনে ৯ শতাংশ বা ১৭ টাকা ৮০ পয়সা বেড়ে হয়েছে ২২১ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছিল প্রায় সাড়ে ৮ শতাংশ বা ১৬ টাকা ১০ পয়সা। সেই হিসাবে গত দুই দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩৪ টাকা।বাজার সংশ্লিষ্টরা বলেন, গ্রামীণফোনের শেয়ারের দামের ঊত্থান-পতন ঢাকার বাজারের সাধারণ সূচকে বড় ধরনের প্রভাব রয়েছে। গত দুই দিনে আবারও তার প্রমাণ মিলেছে। সূচকের প্রভাব বিস্তারের পাশাপাশি একক কোম্পানি হিসেবে বুধবারও লেনদেনের শীর্ষ স্থান দখলে রেখেছে গ্রামীণফোন। এদিন কোম্পানিটির প্রায় ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় নয় শতাংশ।জানতে চাইলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, গত কিছু দিন ধরে বড় মূলধনের কোম্পানিগুলোর শেয়ারের দর বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিশেষ করে যেসব কোম্পানির হিসাববছর গত জুনে শেষ হয়েছে সেসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ধারণা করা হচ্ছে, বড় মূলধনের কোম্পানিগুলোতে দেশি-বিদেশি বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন।মোহাম্মদ মূসা আরও বলেন, গত কিছুদিনে বাজারে প্রায় সব ধরনের শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটলেও সেই তুলনায় ব্যাংকিং খাতে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। এই থেকে ধারণা করা হচ্ছে, ব্যাংকিং খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কম। হয়তো তাঁরা এসব কোম্পানির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন বা আয়ের হিসাব জানার অপেক্ষায় রয়েছেন। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৫৫ কোটি টাকা কম।দিনশেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা কম।