মূল্যসূচক বাড়লেও লেনদেন কমল
সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে। বুধবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে শেষ বেলায় সূচকের যে নাটকীয় পরিবর্তন ঘটেছিল, তার ধারাবাহিকতা গতকালও বজায় ছিল।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ১৬৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৮৫ পয়েন্ট বেড়ে সাড়ে ১২ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। সূচক বাড়লেও গতকাল দিন শেষে দুই বাজারে লেনদেনের পরিমাণ খানিকটা কমে গেছে। আগের দিনের নাটকীয় পরিবর্তনের ধারাবাহিকতায় গতকাল সূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের শুরুতে যতটা দ্রুততায় সূচক বেড়েছিল, ১০ মিনিটের ব্যবধানে ততটাই দ্রুততার সঙ্গে পতনও ঘটে। দুপুর ১২টা পর্যন্ত সূচকের কয়েক দফা উত্থান-পতন ঘটে। এর পর থেকে সূচক বাড়তে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ঢাকার বাজারে মূল্যসূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ১৩৬ পয়েন্টের।দিন শেষে বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি বিনিয়োগের আকর্ষণ থেকে অনেকেই বিনিয়োগে এসেছেন, যা বাজারের সূচক বাড়াতে সহায়তা করেছে। তবে বিনিয়োগকারীদের ব্যাপকভিত্তিক অংশগ্রহণের অভাবে বাজারে লেনদেন নিম্নমুখী ছিল। গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ৮ শতাংশ কমে গেছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত সব খাতের শেয়ার গতকাল দর বাড়ার তালিকায় ছিল। এসব খাতের মধ্যে শীর্ষে ছিল সাধারণ বিমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও চামড়া খাতের কোম্পানিগুলো।ডিএসইতে গতকাল ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৮টিরই দাম বেড়েছে, কমেছে ২৭টির আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে গতকাল ১৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টিরই দাম বেড়েছে, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৬১ পয়েন্টে।