মূল্যসূচক বাড়লেও লেনদেনে নিম্নগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় দিনের দরপতনের পর দুই দিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। সূচক বাড়লেও লেনদেনে এখনো ধীরগতি রয়ে গেছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকালও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল বৃহস্পতিবার প্রায় ৩৪ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ৩৩ পয়েন্ট। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টিকে ঘিরে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নানামুখী আলোচনা চলছে। এর প্রভাবে দুই দিন ধরে বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ। শেয়ার ধারণের বিষয়টি নিয়ে নানামুখী জল্পনা-কল্পনার মধ্যে গতকাল এ-সংক্রান্ত আদালতের রায়ের কপি হাতে পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আদালতের রায়ের কপি পর্যালোচনা শেষে এ বিষয়ে এসইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা জানিয়েছেন।ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বিষয়টি কীভাবে সমাধান করা হবে এবং এ ব্যাপারে কোম্পানির করণীয় কী ইত্যাদি বিষয়ে জানতে গতকাল এসইসির সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকের কয়েকজন শীর্ষ নির্বাহী। জানা গেছে, বৈঠকে এসইসি জানিয়েছে, আদালতের রায়ের লিখিত কপি পর্যালোচনা করে শিগগির এসইসি এ ব্যাপারে নির্দেশনা দেবে। এ ছাড়া এসইসির ২সিসি ক্ষমতাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা রিটের ব্যাপারে গতকালও কোনো সিদ্ধান্ত দেননি প্রধান বিচারপতি। বর্তমানে এসব রিট আবেদন প্রধান বিচারপতির বিবেচনাধীন। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়ে ডিএসই কোম্পানিগুলোকে যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা গতকাল শেষ হয়েছে। ডিএসইর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল তথ্য জমা দেওয়ার শেষ সময় ছিল। এদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রায় ১২৫টি কোম্পানি তাদের হালনাগাদ তথ্য ডিএসইর কাছে জমা দিয়েছে।লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭৩৪ পয়েন্টে। দিন শেষে ঢাকার বাজারে প্রায় ১৮৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন প্রায় ২৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কম।