মূল্যসূচক বেড়েছে, কমেছে লেনদেন
দেশের শেয়ারবাজারের মূল্যসূচক গতকাল রোববার আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। তবে সূচক বাড়লেও দুই বাজারে লেনদেন খানিকটা কমেছে।এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৩৬৭ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ।ঢাকার বাজারে গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও প্রথম দুই ঘণ্টায় মূল্যসূচকের ওঠানামা লক্ষ করা যায়। আর শেষ দুই ঘণ্টায় মূল্যসূচক একটানা বেড়েছে। দিনের শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২২ পয়েন্টে। চলতি বছরের ১১ জানুয়ারির পর এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান। ওই দিন ডিএসইর সাধারণ সূচক ছিল পাঁচ হাজার ২২২ পয়েন্ট। এদিকে বাজারের আচরণ সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার কিছুটা মূল্য সংশোধন হওয়ার পর নতুন সপ্তাহের শুরুতেই গতকাল বাজার আবারও সবুজ অঞ্চলে (গ্রিন জোন) ফিরে গেছে। বিনিয়োগকারীদের প্রাণবন্ত অংশগ্রহণেই এদিন সূচক আড়াই শতাংশ বা ১৩২ পয়েন্ট বেড়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, নেতিবাচক কোনো প্রতিবন্ধকতা ছাড়াই বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ক্রমাগত বাড়ছে, যা বাজারকে ঊর্ধ্বমুখী করতে সহায়তা করছে। বাজারের বর্তমান ধারা সক্রিয় বিনিয়োগকারীদের পাশাপাশি নিষ্ক্রিয় হয়ে পড়া বিনিয়োগকারীদেরও পুনরায় আত্মবিশ্বাসী করে তুলছে।গতকাল ডিএসইতে ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৩টিরই দাম বেড়েছে, কমেছে ৩০টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিনের শেষে ঢাকার বাজারে প্রায় ৮১৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১২০ কোটি টাকা কম।দিনের শেষে গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে তিতাস গ্যাস, যমুনা অয়েল, বেক্সিমকো, গ্রামীণফোন, মবিল যমুনা লুব্রিকেন্টস, ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পাওয়ার ও ডেসকো।সিএসইর সার্বিক মূল্যসূচক রোববার দিনের শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৭৯৯ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ২০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। সিএসইতে এদিন প্রায় ৬৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২০ কোটি টাকা কম।