মূল্যসূচক সামান্য বেড়েছে লেনদেন আরও কমেছে
টানা ছয় দিন পর গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক সামান্য বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচকে দিন শেষে যোগ হয়েছে ৫ পয়েন্ট। এর আগে দিনভর সূচকের বেশ উত্থান-পতন ঘটে। এদিন ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ৭০ পয়েন্টের।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকে গতকাল দিন শেষে প্রায় ২১ পয়েন্ট যোগ হয়েছে। এর ফলে ওই বাজারের সার্বিক মূল্যসূচক আবারও ১৩ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।দুই বাজারে মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেনের খরা কাটেনি। ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ আরও কমেছে যদিও সিএসইতে তা সামান্য বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে আদালতে দায়ের করা রিটের শুনানি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে শঙ্কা বা ভীতি তৈরি হয়েছে, তারই প্রভাব বাজারে পড়েছে। যদিও রিটের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত বা ভীত হওয়ার বিষয়ের সঙ্গে শেয়ারের দরপতনের যৌক্তিক কোনো ভিত্তি নেই বলে সংশ্লিষ্টদের অভিমত। বাজার পরিস্থিতি সম্পর্কে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, ‘বিনিয়োগাকারীদের মধ্যে একেক সময় একেক ধরনের প্রত্যাশা তৈরি হয়। বিভিন্ন মহল থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এসব প্রত্যাশা জন্ম নেয়। কিন্তু যখন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটে না, তখন বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে পুঁজিবাজারের স্বাভাবিক যে ধর্ম বা নিয়ম, সেটি থেকে বাজার দূরে সরে যাচ্ছে।’রিজভী আরও বলেন, ‘বিনিয়োগকারীদের মধ্যেও কিছু ভুল ধারণা রয়েছে। সেগুলোর ব্যাপারেও সবাইকে সচেতন হতে হবে। বাজার ঠিক করা মানেই শেয়ারের দাম ঠিক করা নয়। এ ধরনের প্রত্যাশা বা ভাবনা থেকেও বিনিয়োগকারীদের বেরিয়ে আসতে হবে।’ মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটের মধ্যেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৬০ পয়েন্ট বেড়ে যায়। পরের ৩০ মিনিটে তা প্রায় ৭০ পয়েন্ট কমে নেমে আসে চার হাজার ২৮৪ পয়েন্টে। এটিই ছিল এদিন ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। এরপর সূচক আবারও ঊর্ধ্বমুখী হয়, তবে সেই গতি ছিল বেশ মন্থর। ফলে দিন শেষে সামান্য বেড়ে ডিএসইর সাধারণ সূচক দাঁড়িয়েছে চার হাজার ৩০০ পয়েন্টে। এদিকে, টানা দরপতনের প্রতিবাদে কিছু বিনিয়োগকারী গতকাল লেনদেন শুরুর পর থেকেই রাজধানীর মতিঝিলের ডিএসইর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা সোয়া দুইটা পর্যন্ত এই বিক্ষোভ চলে। তবে লেনদেন বর্জনের যে ঘোষণা গত বুধবার আন্দোলনরত বিনিয়োগকারীরা দিয়েছিলেন, গতকাল সেটি কার্যকর হয়নি। বিক্ষোভের মধ্যেও বাজারে স্বাভাবিক লেনদেন চলেছে। ঢাকার বাজারে বৃহস্পতিবার ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টির দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। এদিন ডিএসইতে প্রায় ১১৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কম। একই সঙ্গে গতকালের লেনদেনের এই পরিমাণ ছিল সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। চট্টগ্রামের বাজারে গতকাল ১৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। এদিন সিএসইতে প্রায় ২৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।