>

অধিক মুনাফার লোভে পড়বেন না, অল্প মুনাফাই ভালো: বিনিয়োগকারীদের উদ্দেশে তোফায়েল আহমেদ
শেয়ারবাজারের সূচক নিয়ে সরকারসহ কারও ভয় ও উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বাজারের নিজস্ব শক্তি বা গতিতে সূচক যদি ১০ হাজারও হয়, তাতে বাধা দেওয়ার কিছু নেই। অতীতে সূচক ৫ হাজার ছাড়ানোর পর সরকারের পক্ষ থেকে ডেকে নিয়ে এ ব্যাপারে তাঁর কাছে উদ্বেগ জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো নামের শেয়ারবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এম খায়রুল হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ব্যবসা-বাণিজ্যবিষয়ক নিউজপোর্টাল অর্থসূচক ডট কম দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বৃহস্পতিবার দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে। চলতি বছরের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান।
এদিকে অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে শেয়ারবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশীদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, সরকার যেকোনো মূল্যে পুঁজিবাজার স্থিতিশীল রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে শেয়ারবাজার এখন বেশ স্থিতিশীল। এ বাজারে বিনিয়োগ করে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নজর রাখতে হবে। বিনিয়োগকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অধিক মুনাফার লোভে পড়বেন না। অল্প মুনাফাই ভালো।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে শেয়ারবাজার আইনকানুনের দিক থেকে এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমপর্যায়ের। বাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফিরে এসেছে। তাই বাজারের নিজস্ব শক্তিতে সূচক যদি ১০ হাজারও হয়, তাতে উদ্বেগের কিছু নেই। সূচক বাড়লে তাতে বাধা দেওয়ারও কিছু নেই।
বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ছোট মূলধনি কোম্পানির জন্য আলাদা বোর্ড চালু করা হবে। বিনিয়োগকারীদের আস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেড় মাসের মধ্যে দেশব্যাপী বিনিয়োগকারীদের শিক্ষা কার্যক্রম শুরু ও শেয়ারবাজার বিষয়টি নবম শ্রেণি থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে যেসব বহুজাতিক কোম্পানি ব্যবসা করছে, সেগুলোকে শেয়ারবাজারে আনতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। ২০১০ সালের শেয়ারবাজার ধসের বিষয়ে মন্ত্রী বলেন, ওই সময় যা ঘটেছিল তা অনাকাঙ্ক্ষিত। সে সময় ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার আরও বেশি যত্নশীল হওয়া উচিত ছিল।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশের শেয়ারবাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এ বাজারকে উদীয়মান বাজারের শ্রেণিভুক্ত করা গেলে এ আগ্রহ আরও বাড়বে। সেটি করতে হলে বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসা দরকার।
আয়োজকেরা জানান, এবারের মেলায় শেয়ারবাজার-সংশ্লিষ্ট ৪৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শনিবার পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।