মূল্যসূচকের উল্লম্ফন কমেছে লেনদেন
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক আবার ফিরেছে—এমন খবরে গতকাল রোববার শেয়ারবাজারে সূচকের বেশ উল্লম্ফন দেখা গেছে। এমনকি হরতালেরও কোনো প্রভাব ছিল না শেয়ারবাজারে। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে তা বেলা আড়াইটা পর্যন্ত চলে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ ব্রোকারেজ হাউস লেনদেন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে লগইন করায় স্বাভাবিক লেনদেন চালু করতে সংস্থাটির কোনো অসুবিধা হয়নি।লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ১৯০ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। এরপর সূচকের ঊর্ধ্বগতি কিছুটা শ্লথ হলেও দিন শেষে ডিএসইর সাধারণ সূচক গত কার্যদিবসের তুলনায় ১২১ পয়েন্ট বা ২ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ৩ শতাংশ বা ৪৩২ পয়েন্ট। সূচকের এমন উল্লম্ফনের দিনে দুই বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে।তবে বিশেষজ্ঞেরা বলছেন, পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে শেয়ারবাজারের সরাসরি কোনো সম্পর্ক নেই। তার পরও পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার খবরকে কেউ কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকতে পারেন।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বাজারের লেনদেন যেখানে পৌঁছেছে, তাতে মনে হচ্ছে ব্যক্তিশ্রেণীর বড় বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেশ সক্রিয় রয়েছেন। তাঁরা হয়তো মনে করছেন, শেয়ারের দাম আরও বাড়বে বা তাঁরা নিজেরা সেটি বাড়াতে চাইছেন। এ কারণে তাঁরা নতুন করে বাজারে বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছেন। বাজারের এই উত্থানের পেছনে কিছু কিছু বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের কারসাজির ঘটনাও থাকতে পারে। তা না হলে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে হাজার কোটি টাকার বেশি লেনদেন করা সম্ভব নয়।’মোহাম্মদ হেলাল আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সেই অর্থে শেয়ারবাজারের সরাসরি কোনো সম্পর্ক নেই। যদি কিছুটা সম্পর্ক থেকেও থাকে বাস্তবে তার প্রভাব এখনই বাজারে পড়ার কথা নয়। পদ্মা প্রকল্পে বিশ্বব্যাংক ফিরে আসার খবরে সূচকের উল্লম্ফন দেখে মনে হচ্ছে, কেউ কেউ এই খবরকে সামনে রেখে বাজারকে প্রভাবিত করেছেন। তা না হলে দেশের সামগ্রিক অর্থনীতির বাস্তবতায় মাস খানেকের ব্যবধানে ২০০ কোটি টাকার লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার মতো বড় কোনো ঘটনা ঘটেনি।গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকালও ঢাকার বাজারে মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল বস্ত্র খাতের কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চারটি ছিল বস্ত্র খাতের আর তিনটি মিউচুয়াল ফান্ড। শীর্ষ ১০-এর তালিকায় থাকা প্রতিটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম এক দিনেই প্রায় ১০ শতাংশ করে বেড়েছে। এর বাইরে এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় ৩০টির দাম এক দিনেই মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমায় উপনীত হয়।ঢাকার বাজারে দিন শেষে সাধারণ সূচক বেড়ে হয়েছে প্রায় চার হাজার ৮০০ পয়েন্ট। গত চার মাসের ব্যবধানে এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৩ মে এটি প্রায় চার হাজার ৮২৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। ঢাকার বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ১০৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে দিন শেষে সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৪১৭ পয়েন্টে। এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা কম।