মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে সপ্তাহ শুরু
মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে নতুন আরেকটি সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে প্রায় ২ দশমিক ২৭ শতাংশ বা ৯৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ২ শতাংশ বা ২৫৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি ঢাকার বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেন প্রায় পৌনে চার শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম সোয়া ঘণ্টার মধ্যেই ডিএসইর সাধারণ সূচক প্রায় ১২৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি কিছুটা মন্থর হয়। দিনশেষে সাধারণ সূচক বেড়ে আবার চার হাজার ২০০ পয়েন্টের সীমা ছাড়িয়ে যায়। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২৩৬ পয়েন্টে। বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এ কারণে সূচক ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। সেসঙ্গে দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। এ ছাড়া বাজারের সাম্প্রতিক ধারায় নতুন বিনিয়োগেরও পরিবেশ তৈরি করেছে। ঢাকার বাজারে গতকাল ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৯টিরই দাম বেড়েছে, কমেছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭৮ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি। শুধু তা-ই নয়, গত ২১ মের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে ২১ মে সর্বশেষ ডিএসইতে ৪৭৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। লেনদেনের দিক থেকে গতকাল ঢাকার বাজারে শীর্ষস্থানীয় ১০ কোম্পানির তালিকায় ছিল: মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেবল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, কেয়া কসমেটিকস, গ্রামীণফোন, সামিট পাওয়ার ও ইউনাইটেড এয়ার। এগুলোর মধ্যে বেশির ভাগ কোম্পানির লভ্যাংশ ঘোষণার বিষয়টি সামনে রয়েছে। আর এ লভ্যাংশ ঘোষণা নিয়ে এসব কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলেও বাজার সংশ্লিষ্টরা জানান। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, তালিকাভুক্ত অনেক কোম্পানিরই আর্থিক বছর শেষ হয়েছে জুন মাসে। আবার অনেকগুলোর আর্থিক বছর শেষ হবে আগামী মাসে। এর মধ্যে যেসব কোম্পানির আয় ভালো রয়েছে, সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হওয়াটাই স্বাভাবিক ও বাজারের জন্য ভালো। এদিকে আইডিএলসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক বৃদ্ধি পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো। রোববার এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, কিছুদিন ধরে ব্যাংকিং খাতের শেয়ারের দরপতন ঘটলেও গতকালের এ খাতের অধিকাংশ শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে। ঢাকার বাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে একটি বাদে বাকি সব কটিরই দাম বেড়েছে। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টিরই দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম। এদিন লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৮২৫ পয়েন্টে।