মূল্যসূচকের ঊর্ধ্বগতি লেনদেনও বেড়েছে
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল প্রায় ৫০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ১০৯ পয়েন্ট।নতুন বাজেট ঘোষণার আগের দিন বাজারের এই ঊর্ধ্বগতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, নতুন বাজেট সামনে রেখে হয়তো বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে।এর মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একাধিক আলোচনায় জানিয়ে দিয়েছেন, শেয়ারবাজারে বিদ্যমান সুযোগ-সুবিধা আগামী বাজেটেও বহাল রাখা হবে।সেই বিবেচনায় কালোটাকা সাদা করা, মূলধনি মুনাফার করমুক্তি সুবিধাসহ বিদ্যমান সুযোগ-সুবিধা আগামী অর্থবছরও অব্যাহত থাকছে শেয়ারবাজারে। সে সঙ্গে নতুন কিছু সুবিধাও নতুন বাজেটে যুক্ত হতে পারে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন বাজেট সামনে রেখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং দুই স্টক এক্সচেঞ্জ যেসব সুপারিশ করেছে, সেগুলোর আলোকে নতুন কিছু সুবিধা সংযোজিত হতে পারে আসছে বাজেটে। আজ বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।ঢাকার বাজারে গতকাল দিন শেষে প্রায় ৩০৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১১২ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি।