মূল্যসূচকের পতন বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন চলছে। গতকাল সোমবারও দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৮৪২ পয়েন্টে। নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৭৬২ পয়েন্টে। এর ফলে গত ২৭ জানুয়ারি চালু হওয়া নতুন সূচকটি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৯৮ পয়েন্ট কমে নেমে এসেছে ১১ হাজার ৭৩৫ পয়েন্টে। বড় ধরনের দরপতনের আভাস দিয়ে সোমবার ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটের মধ্যেই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪৫ পয়েন্ট কমে যায়। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি ছাড়া অধিকাংশই ছিল দরপতনের তালিকায়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত হওয়া নতুন কোম্পানিগুলোর দরপতন ছিল চোখে পড়ার মতো। যদিও তালিকাভুক্তির পরপরই এসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের জরুরি সভায় নতুন কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। তাতে লেনদেন শুরুর প্রথম পাঁচ দিন নতুন কোম্পানির যৌক্তিক মূল্য নির্ধারণের সময়কালে ওই সব শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধের সুপারিশও উঠে আসে। ডিএসইর পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এই সুপারিশ করা হয়।সুপারিশের এই বিষয়কে কেন্দ্র করে গতকাল লেনদেনের শুরুতে বাজারে গুজব ছড়িয়ে পড়ে শিগগিরই নতুন কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। এমন খবরে এসব শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। যদিও দিন শেষে নতুন কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।এর আগে বিএসইসি নতুন ও শ্রেণী পরিবর্তন হওয়া কোম্পানির বেলায় লেনদেনের প্রথম দিন থেকে ঋণসুবিধাপ্রাপ্তির বিষয়ে নির্দেশনা জারি করে। ঋণসুবিধা বন্ধ করতে হলে সেই সিদ্ধান্ত বিএসইসিকেই নিতে হবে। কিন্তু গতকাল পর্যন্ত বিএসইসির পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। ঢাকার বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।