মূল্যসূচকের হঠাৎ উল্লম্ফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত দরপতনের ধারার বিপরীতে গতকাল বুধবার মূল্যসূচকের বড় ধরনের উল্লম্ফন দেখলেন দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। এদিন লেনদেনের শুরুটা আগের দিনগুলোর ধারাবাহিকতায় হলেও হঠাৎ করেই পাল্টে যেতে থাকে বাজারের চিত্র। বাড়তে থাকে মূল্যসূচক, সেই সঙ্গে লেনদেনের পরিমাণ।বাজার বিশ্লেষকেরা বলছেন, তদন্ত প্রতিবেদন নিয়ে অনিশ্চয়তার কারণে বেশ কিছুদিন ধরেই বাজারে একধরনের অস্থিতিশীলতা বিরাজ করছিল। কোনো ধরনের দিকনির্দেশনা না পেয়ে বিনিয়োগকারীদের একটা বড় অংশই বাজারে নিষ্ক্রিয় অবস্থায় ছিল।গতকাল কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে তদন্ত প্রতিবেদন নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়। এসব খবরে অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তদন্ত প্রতিবেদনের অনেক কিছু অনুমাননির্ভর বলে উল্লেখ করা হয়েছে। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন নির্বাহী পরিচালক ও বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির সাবেক উপমহাব্যবস্থাপক ছাড়া কারও বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়নি বলেও খবরে বলা হয়।এ বিষয়টি অভিযুক্ত বড় বিনিয়োগকারীসহ সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের স্বস্তি তৈরি করেছে। মূল্যসূচক বাড়ার জন্য এটা বড় কারণ বলে তাঁরা মনে করছেন। এ ছাড়া গতকালের বাজারে এসইসির চেয়ারম্যানসহ একজন সদস্যের পরিবর্তে নতুন লোক নিয়োগ দেওয়ার খবরটিও আলোচিত হয়েছে। বাজার-সংশ্লিষ্টদের ধারণা, এ খবরটিও বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে নিয়েছেন। তাঁরা মনে করেন, বর্তমান কমিশন বাজারের উন্নয়নে কাজ করার নৈতিক শক্তি হারিয়েছে। তাই এ কমিশনের চেয়ারম্যান বা সদস্য কাউকে বহাল রেখে বাজারের উন্নয়ন সম্ভব নয়। মূলত এ ভাবনা থেকেই নতুন লোক নিয়োগের খবরে তাঁরা বাজারের প্রতি কিছুটা হলেও আস্থা ফিরে পেতে শুরু করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটের মাথায়ই মূল্যসূচক ৫৫ পয়েন্ট নেমে যায়। এরপর বেশ কয়েকবার সূচক ওঠানামা করলেও বেলা একটার পর থেকে একটানা বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার পর দেখা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪ দশমিক ৭৭ শতাংশ বা ২৭৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৩ ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪ দশমিক ১০ শতাংশ বা ৬৬৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬ হাজার ৯৭৪। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে বেড়েছে ১৮৩টির, কমেছে সাতটির এবং অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।ডিএসইতে গতকাল হাতবদল হয়েছে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার, যার মধ্যে বেড়েছে ২৩৯টির, কমেছে মাত্র চারটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৫০৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬১ কোটি টাকার মতো বেশি।ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ফু-ওয়াং সিরামিকস, আফতাব অটো, মালেক স্পিনিং, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, লংকাবাংলা ফিন্যান্স ও এনবিএল।দাম বাড়ার তালিকায় শীর্ষে ছিল ফিনিক্স ইনস্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, মেঘনা কনডেন্সড মিল্ক, কাশেম ড্রাইসেল, লংকাবাংলা ফাইন্যান্স, দেশবন্ধু পলিমার, এশিয়া ইনস্যুরেন্স, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, প্রাইম ইনস্যুরেন্স ও বিচ হ্যাচারিজ।আর দাম কমার তালিকায় থাকা চার কোম্পানি হলো—ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, মেঘনা পেট, নিটল ইনস্যুরেন্স ও সায়হাম টেক্সটাইল।