মূল্যস্ফীতি অর্থবছরের আট মাসে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে কম মূল্যস্ফীতি হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। মাসওয়ারি ভিত্তিতে (পয়েন্ট টু পয়েন্ট) ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৪৩ শতাংশ। এর আগে গত ডিসেম্বর মাসে চলতি অর্থবছরের মধ্যে সবচেয়ে কম মূল্যস্ফীতি ছিল, যার হার ১০ দশমিক ৬৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। বিবিএস বলছে, গত ফেব্রুয়ারি মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতির চাপও কমেছে। বিবিএসের হিসাবমতে, ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ব্যাপক কমেছে। এই হার ৮ দশমিক ৯২ শতাংশ। জানুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এ খাতে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বেড়ে ফেব্রুয়ারি মাসে ১৩ দশমিক ৫৭ শতাংশে উপনীত হয়েছে। জানুয়ারি মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ১৬ শতাংশ। বিবিএসের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা, উপমহাপরিচালক মিজানুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামের চেয়ে শহরে এখন মূল্যস্ফীতি বেশি। ফেব্রুয়ারি মাসে গ্রামে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে খাদ্যে ৮ দশমিক শূন্য ৯ শতাংশ আর খাদ্যবহির্ভূত পণ্যে ১৩ দশমিক ৫৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। অন্যদিকে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ১২ দশমিক শূন্য ৬ শতাংশ। শহর এলাকায় খাদ্যপণ্যে ১০ দশমিক ৯৬ শতাংশ আর খাদ্যবহির্ভূত পণ্যে ১৩ দশমিক ৫৯ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। মূল্যস্ফীতি হ্রাস-বৃদ্ধির কারণ পর্যালোচনা করে বিবিএস বলছে, গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খাদ্যসামগ্রী উপখাতে মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক শূন্য ১ শতাংশ। আর খাদ্যবহির্ভূত উপখাতে বেড়েছে দশমিক ৯৯ শতাংশ। এক মাসের ব্যবধানে প্রধানত চাল, ডাল, শাকসবজি, ফল, মসলা, ভোজ্যতেল ইত্যাদির দাম কমেছে। অন্যদিকে পরিধেয় বস্ত্রাদি, বিদ্যুৎ, চিকিৎসাসেবা খরচ, পরিবহন খাত, আসবাব ও গৃহস্থালি, লন্ড্রিসামগ্রী ইত্যাদির দাম বেড়েছে। বিবিএস আরও বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে মজুরিসূচক দাঁড়িয়েছে যথাক্রমে ছয় হাজার ৪৩৪ দশমিক ৮২ ও ছয় হাজার ৫৯৫ দশমিক ৩৭। এর মানে হলো, আলোচ্য দুই মাসে জাতীয় মজুরির হার যথাক্রমে ১২ দশমিক ১৩ শতাংশ ও ১৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে মূল্যস্ফীতি হারের চেয়ে বেশি। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা বলেন, ‘এই উপখাতটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি আমাদের হাতে নেই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তো আমদানিকারক লোকসানে খাদ্যবহির্ভূত পণ্য বিক্রি করবে না। আর বেশির ভাগ খাদ্যবহির্ভূত পণ্যই আমদানি করা হয়।’ শাহজাহান আলী আরও বলেন, বাম্পার ফলনের কারণে মজুদদারেরা তাঁদের চাল বাজারে ছাড়তে বাধ্য হয়েছেন। এতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে বলে তিনি মনে করেন। চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী চার মাসে ব্যাপক হারে মূল্যস্ফীতি কমলে এটা সম্ভব হতে পারে। সামপ্রতিক সময়ে ডলারের দাম কমছে। তাই ভবিষ্যতে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমতে পারে। গত এক বছরে (মার্চ ২০১১-ফেব্রুয়ারি ২০১২) সামগ্রিক মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৯৬ শতাংশ। এটি বার্ষিক গড় হিসাব। অন্যদিকে গত সেপ্টেম্বর মাসে বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ ১১ দশমিক ৯৭ শতাংশ হারে মূল্যস্ফীতি হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিগগিরই ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) নতুন ভিত্তিবছর প্রকাশ করা হবে। আর এই ভিত্তিবছর হবে ২০০৫-০৬। নতুন ভিত্তিবছরে পণ্যের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এলাকাও বাড়ানো হবে। নতুন ভিত্তিবছরে বিগত কয়েক মাসের মূল্যস্ফীতির হার পুনরায় হিসাব করা হবে।