মূল্যস্ফীতি আরও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল্যস্ফীতির হার
মূল্যস্ফীতির হার

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির হার কমেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ১৩ শতাংশ হয়েছে। আগস্ট ও জুলাই মাসে এই হার ছিল যথাক্রমে ৭ দশমিক ৩৯ শতাংশ ও ৭ দশমিক ৮৫ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে এই মূল্যস্ফীতির হার নির্ণয় করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে। এতে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিবিএস বলছে, মূলত চাল, ডাল, আটা, মাছ, শাকসবজি, মসলা, দুধ ও তামাকজাতীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে খাদ্যসামগ্রী উপখাতে ১ দশমিক ০৮৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। আগস্ট মাসে এই হার ছিল ২ দশমিক ০৮ শতাংশ। আর একই সময়ের তুলনায় পরিধেয় বস্ত্রাধি, বাড়িভাড়া, চিকিৎসাসেবা, আসবাবপত্র ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষার উপকরণ, অন্যান্য পণ্য ও সেবাসহ খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ৯০ শতাংশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। সেপ্টেম্বর মাসে খাদ্য সূচকে মূল্যস্ফীতির হার হয়েছে ৭ দশমিক ৯৩ শতাংশ। আর জুলাই মাসে এই হার ছিল ৮ দশমিক ০৯ শতাংশ।
সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। আগস্ট মাসে এই হার ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।
বিবিএসের সর্বশেষ হিসাব বলছে, গ্রা মের মানুষের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতি চাপ বেশি পড়েছে। গত সেপ্টেম্বর মাসে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। আর গ্রামাঞ্চলে এই হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ।