মূল্যস্ফীতির হার বৃদ্ধির বিষয়টি স্বীকার করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই হারকে উদ্বেগজনক নয় বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি জনগণের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়ও নয়।অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে আগামী দুই থেকে তিন বছরে ১০০ কোটি ডলার ঋণ-সহায়তা দিতে পারে। এ জন্য তেমন কোনো সুদ আরোপ করা হবে না। দ্বিতীয় পর্যায়ের দারিদ্র্য হ্রাসের কৌশল (পিআরএস-২) বাস্তবায়নের জন্য এই ঋণ-সহায়তা মিলছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সোমবার এসব কথা জানিয়েছেন। আইএমএফের একটি প্রতিনিধিদলের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মূল্যস্ফীতি: ২০০৯-১০ অর্থবছরে মূল্যস্ফীতির বার্ষিক গড় হার ৭ দশমিক ৩১ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে ২০০৮-০৯ অর্থবছরে এই হার ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। তবে গত অর্থবছর সরকার মূল্যস্ফীতির হার সাড়ে ছয় শতাংশের মধ্যে সীমিত রাখার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি উদ্বেগজনক নয়। হ্যাঁ, এটা ঠিক যে, মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে তা হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে।’অর্থমন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি প্রশমনের জন্য সরকার সবকিছুই করছে। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘নিত্যপণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি ভালো। সরবরাহ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। পণ্যের সরবরাহ বাড়ার কারণেই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি। অন্যদিকে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে রমজান মাসে নিত্যপণ্যের বাজার অন্য যেকোনো সময়ের তুলনায় সন্তোষজনক।’আইএমএফের সঙ্গে বৈঠক: আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক অনুপ সিংয়ের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও ছিলেন আইএমএফ মিশনপ্রধান ডেভিড কাউয়ার এবং বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রধান এতেরি কিনত্রাজে।অর্থমন্ত্রী জানান, সরকার পিআরএসের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন এ বছরই শুরু করেছে। পিআরএস বাস্তবায়নে সহায়তা দিতে আইএমএফের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাব যাচাই করতে আইএমএফ প্রতিনিধিরা বাংলাদেশে এসেছে। তারা এখনই কিছু জানায়নি। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তারা ১০০ কোটি ডলার সহায়তা দেবে বলে ইঙ্গিত দিয়েছে। তবে সহায়তা সম্পর্কে সিদ্ধান্ত ডিসেম্বর বা জানুয়ারিতে চূড়ান্ত হবে।অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই সহায়তার অর্থ আমরা কৃষি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সড়ক নির্মাণসহ যেকোনো কাজে ব্যবহার করতে পারব।’ দ্বিতীয় পিআরএস বাস্তবায়নে ৬০০ কোটি ডলার সম্পদের ঘাটতি রয়েছে, যার ১০০ কোটি ডলার আইএমএফ থেকে আশা করছে সরকার। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের জন্যও আইএমএফের কাছে সহায়তা চাওয়া হয়েছে। আইএমএফের সহায়তা প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, সাধারণত, কোনো দেশের লেনদেনের ভারসাম্যজনিত সমস্যা হলে আইএমএফ সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের যেহেতু এই রকম কোনো সমস্যা নেই, তাই বর্তমানে আইএমএফের কাছ থেকে কোনো সহায়তা নেওয়া হচ্ছে না। তবে এটাকে অর্থমন্ত্রী ভুল নীতি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো দেশে লেনদেনের ভারসাম্যজনিত কোনো সমস্যা না থাকার মানে হলো, এটা উন্নততর ঋণ ব্যবস্থাপনা করার সাফল্যের প্রতিফলন।’বিশ্বমন্দার পর আইএমএফ তাদের সহযোগিতার ধরনে পরিবর্তন এনেছে উল্লেখ করে দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সহায়তা (পিআরজিএফ) এখন এক বিলিয়ন ডলারের মতো পাওয়া যায়। আগে পাওয়া যেত ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার। তবে সুদের হার আগে ছিল চার শতাংশের মতো, আর এখন নাই বললেই চলে। তবে অর্থমন্ত্রী এ-ও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশকে আইএমএফ বড় অঙ্কের সহায়তা দিলেও আমাদের মতো দেশের জন্য ঋণের পরিমাণ সীমিত করেছে।’আরেক প্রশ্নের জবাবে মুহিত বলেন, সরকারের অগ্রাধিকার হলো অভ্যন্তরীণ সম্পদ ও সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা এবং বেসরকারি বিনিয়োগকে ব্যাপকভাবে উৎসাহিত করা। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) তহবিল গঠন করেছি। এ জন্য স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে অর্থায়ন প্রয়োজন।’আগামী দুই বছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।