মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখীই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মূল্যস্ফীতির হার ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির হার পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে অর্থাৎ সেপ্টেম্বর মাসে জাতীয় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬১ শতাংশ।বার্ষিক গড় হিসাবে সেপ্টেম্বর মাসের শেষে এসে মূল্যস্ফীতির হার ৮ শতাংশ ছাড়িয়ে গেছে। এই সময়কালে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। অথচ গত অর্থবছর শেষে (জুন, ২০১০) মূল্যস্ফীতির বার্ষিক গড় হার ছিল ৭ দশমিক ৩১ শতাংশ।আবার চলতি বছরের জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ২৬ শতাংশ, যা আগস্ট মাসে বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৫২ শতাংশে। আর আগস্টে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৮৭ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ উপাত্ত থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা গেছে, খাদ্যের মূল্যস্ফীতির হার অনেকটা লাগামহীনভাবে বাড়ছে, যা সার্বিক মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।বিশেষত, গ্রামাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতির হার সেপ্টেম্বর মাসে দুই অঙ্কের ঘরে উপনীত হয়েছে। অবশ্য আগস্ট মাসেই এই হার ১০ শতাংশের খুব কাছাকাছি (৯ দশমিক ৯৫ শতাংশ) ছিল, যা সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ১০ দশমিক ৫১ শতাংশ।অথচ এক বছর আগেও (সেপ্টেম্বর, ২০০৯) পল্লি এলাকায় খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল মাত্র ৩ দশমিক ৮৩ শতাংশ। কিন্তু চলতি অর্থবছরের শুরুতেই পল্লি এলাকায় খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।এর মানে হলো গ্রামের মানুষের কাছে আগের তুলনায় খাবার অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তাদের খাদ্য সংগ্রহের জন্য আগের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।অবশ্য শহর এলাকায় খাদ্যের মূল্যস্ফীতির হার গ্রামের তুলনায় কমতির দিকে রয়েছে। সেপ্টেম্বর মাসে শহরাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় ৮ শতাংশ, যা আগস্ট মাসে ছিল প্রায় ৯ শতাংশ।বিবিএসের উপাত্ত থেকে আরও দেখা যায়, সামগ্রিকভাবে বা জাতীয় পর্যায়ে খাদ্যের মূল্যস্ফীতির হার সেপ্টেম্বর মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। অথচ গত বছরের সেপ্টেম্বর মাসে এই হার ছিল প্রায় ৫ শতাংশ।আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণভাবে জোগানজনিত-সংকট খাদ্যের মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী করেছে বলে মনে করা হচ্ছে।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকার অভ্যন্তরীণভাবে দুই লাখ ৯০ হাজার টন খাদ্য সংগ্রহ করেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই সংগ্রহের পরিমাণ ছিল চার লাখ ৭০ হাজার টন।আবার বিদেশ থেকে খাদ্য আমদানিও এই সময়কালে তেমন একটা বাড়েনি। প্রথম প্রান্তিকে সরকারিভাবে মাত্র দুই লাখ ১০ হাজার টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুসারে, সেপ্টেম্বরের শেষে দেশে সরকারিভাবে খাদ্যশস্য মজুদের পরিমাণ দাঁড়িয়েছে সাত লাখ ৯০ হাজার টন, যেখানে গত বছরের জুলাই মাসে এই মজুদের পরিমাণ ছিল ১০ লাখ ৫৫ হাজার টন।তবে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হারে নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হার হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ, যা আগস্ট মাসে ছিল ৩ দশমিক ৭৬ শতাংশ। জুলাই মাসে এই হার ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।