মূল্যস্ফীতি এখন ভয়াবহ সমস্যা: এমসিসিআই
মূল্যস্ফীতিকে বাংলাদেশের অর্থনীতির জন্য এখন ভয়াবহ সমস্যা বলে অভিহিত করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এই সমস্যা মোকাবিলায় মুদ্রানীতি ও রাজস্বনীতির সুসমন্বয়করণ এবং কিছু দৃঢ় প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের মজুদদারি ও মূল্য কারসাজি রোধের পরামর্শ দিয়েছে বাণিজ্য সংগঠনটি।চলতি ২০১০-১১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অর্থনৈতিক অবস্থার ওপর এমসিসিআই যে পর্যালোচনা প্রতিবেদন প্রণয়ন করেছে, তাতে এসব কথা বলা হয়েছে। এমসিসিআই বলছে, সাধারণ মূল্যস্তর খুব দ্রুত বেড়ে চলেছে। বাজারে শুধু মোটা চালের দামই এক বছরে অন্তত ৫০ শতাংশ বেড়েছে। অন্যান্য খাদ্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে। সরকার নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করছে ও বিভিন্ন অসংগতি দূর করার চেষ্টাও করছে।তবে এমসিসিআই এও মনে করে, উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির মাধ্যমেই সার্বিক মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ জন্য বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে নীতিগত সমর্থন দেওয়া এবং গরিব মানুষের জন্য নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসূচি অব্যাহত রাখার সুপারিশ করেছে মেট্রো চেম্বার।চলতি বছরের মার্চ মাসে এসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ যেখানে মাসওয়ারি (পয়েন্ট-টু-পয়েন্ট) মূল্যস্ফীতির হার সাড়ে ১০ শতাংশে গিয়ে ঠেকেছে। এমসিসিআই বলছে, মূল্যস্ফীতি বেড়ে চলার পেছনে মূলত খাদ্যের ক্রমাগত দাম বৃদ্ধি বড় ভূমিকা রাখছে। মার্চ মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৭ শতাংশ।এমসিসিআইর মতে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে আগামী মাসগুলোতেও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকবে। আর তাই বাংলাদেশ ব্যাংক অর্ধবার্ষিক মুদ্রানীতিতে চলতি অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা আগের সাড়ে ৬ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত করলেও এশীয় উন্নয়ন ব্যাংক এই হার সাড়ে ৭ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে বলে এমসিসিআইর প্রতিবেদনে বলা হয়েছে।আবার অতি সম্প্রতি সরকার যে জ্বালানির দাম বাড়িয়েছে এবং সিএনজির দাম বাড়াতে যাচ্ছে, তাতে আগামী দিনে তা মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলবে।এমসিসিআই আরও বলছে, সার্বিক মূল্যস্ফীতির ক্ষেত্রে একদিকে যেমন খাদ্য মূল্যস্ফীতি ভূমিকা রাখছে, অন্যদিকে ভূমিকা রাখছে বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার প্রয়াস। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর মাসে নগদ সংরক্ষণের হার (সিআরআর) ও বিধিবদ্ধ জমার হার (এসএলআর) বাড়িয়ে যথাক্রমে ৬ শতাংশ ও ১৯ শতাংশে উন্নীত করেছে। এ ছাড়া বাড়িয়েছে রেপো ও রিভার্স রেপোর হার।এমসিসিআই বলছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে উচ্চহারে রাজস্ব আদায়ের পরও বাজেট ঘাটতি নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। ঘাটতি অর্থায়নে সরকার এই সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে এক হাজার ৮০০ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। বিদেশি সাহায্যপ্রবাহ যখন অনেক কমে গেছে, তখন ঘাটতিও নির্ধারিত পর্যায়ে রাখা উচিত বলে মনে করে এমসিসিআই। এমসিসিআইর মতে, বাংলাদেশ ব্যাংকের উচিত উৎপাদনশীল খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় ও ফাটকা খাতে ঋণ নিরুৎসাহিত করা। এ জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোয় প্রয়োজনে হস্তক্ষেপ করার পরামর্শ দিয়ে এমসিসিআই বলেছে, তা না হলে খেলাপি সংস্কৃতি জোরদার হতে পারে।পাশাপাশি সরকারি ও রাষ্ট্রীয় খাতের ঋণ গ্রহণেও সীমা থাকা উচিত বলে এমসিসিআইর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এমসিসিআই আরও বলছে, চলতি অর্থবছর ৬ দশমিক ৭০ শতাংশ হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি নির্ভর করছে বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট নিরসন, বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতি ব্যবস্থাপনার ওপর।বাজারভিত্তিক অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে বলে উল্লেখ করেছে এমসিসিআই। আরও বলেছে, যেহেতু সরকারি বিনিয়োগ বেসরকারি বিনিয়োগকে তাড়িত করে, সেহেতু দ্রুততার সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন (এমসিসিআই) করা জরুরি। তা ছাড়া দ্রুত হারে এডিপি বাস্তবায়ন করা হলে, তা দাতাগোষ্ঠীকে বাংলাদেশের বাস্তবায়ন সক্ষমতা সম্পর্কে ইতিবাচক ধারণা দেবে আর তখন তারা দ্রুত সাহায্য ছাড়করণে উদ্বুদ্ধ হবে।এমসিসিআই মনে করে, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এখন সরকারের সবচেয়ে জরুরি কাজ। এটি করতে না পারলে ভিশন-২০২১ দূরের স্বপ্নই রয়ে যাবে।