
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যেই থাকছে। এবার সাড়ে ৬ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা আছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাস (জুলাই-মে) পর্যন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৬ শতাংশ, যা মূল্যস্ফীতির বার্ষিক গড় লক্ষ্যমাত্রার চেয়ে কম। আর গত মে মাসে মাসওয়ারি ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি আরও কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও গ্রামের চেয়ে শহরের মানুষের ওপরই মূল্যস্ফীতির চাপ বেশি। গত মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮৭ শতাংশ, আর গ্রামে ছিল এ হার ৫ দশমিক ৮৪ শতাংশ। আবার খাদ্যপণ্যের তুলনায় মূল্যস্ফীতির চাপ বেশি খাদ্যবহির্ভূত পণ্যে।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মে মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি তুলে ধরেন। পরিকল্পনা কমিশনে এ সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হিসাব করে থাকে।
প্রথম মাস জুলাইয়ে ৭ দশমিক ০৪ শতাংশ সার্বিক মূল্যস্ফীতি নিয়ে অর্থবছরের যাত্রা শুরু হয়েছিল। এরপর এ বছরের কোনো মাসেই মূল্যস্ফীতি ৭-এর ঘরে যায়নি। পুরোটা সময়ই ৬-এর ঘরে মূল্যস্ফীতি ছিল। জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত টানা ছয় মাস কমে মূল্যস্ফীতি দাঁড়ায় ৬ দশমিক ০৪ শতাংশে। এরপরের তিন মাস আবারও টানা মূল্যস্ফীতি বাড়ে। গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয় ৬ দশমিক ৩২ শতাংশ। মোটা দাগে বলা যায়, এ বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই ছিল। হিসাব করে দেখা গেছে, চলতি জুন মাসে যদি সার্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক ৯৭ শতাংশের মধ্যে থাকে, তবে এ বছর মূল্যস্ফীতির যে গড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জিত হবে।
চলতি অর্থবছরে মূল্যস্ফীতি কমার পেছনে দুটি কারণ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত। তাঁর মতে, প্রথম কারণ হলো আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমেছে। আর দ্বিতীয়টি হলো চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৬৭ শতাংশ বাস্তবায়িত হয়েছে। মানুষের হাতে কম টাকা পৌঁছেছে। সামগ্রিকভাবে অর্থনীতির যে ধরনের সম্প্রসারণ হওয়ার কথা ছিল, তা হয়নি।
তবে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতার থাকবে বলে মনে করেন এই গবেষক। তিনি প্রথম আলোকে বলেন, আগামী অর্থবছরে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে। আর বেসরকারি খাতেও ঋণপ্রবাহ বাড়বে। এসব কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা থাকবে।
বিবিএসের মূল্যস্ফীতির হালনাগাদ হিসাবমতে, গত মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। গত এপ্রিল মাসে এর হার ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ। আর মে মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৬ দশমিক ১৪ শতাংশ হয়েছে। মে মাসে এর হার ছিল ৬ দশমিক ০৮ শতাংশ।
বিবিএসের হিসাব অনুযায়ী, চাল, মাছ, মাংস, শাকসবজি ও ভোজ্যতেলের দাম গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে ২ দশমিক ২০ শতাংশ কমেছে। আর পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম একই সময়ে বেড়েছে দশমিক ০৯ শতাংশ।
মূল্যস্ফীতি কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের মূল্যস্ফীতির সঙ্গে ভারতের মূল্যস্ফীতি সরাসরি জড়িত। চাল-ডালসহ নানা রকম খাদ্যপণ্য ভারত থেকে আমদানি করি। ভারতে মূল্যস্ফীতি এখন কম। অপরদিকে আন্তর্জাতিক বাজারে চাল, ভোজ্যতেল এবং জ্বালানি তেলের দাম কমায় বাংলাদেশেও মূল্যস্ফীতি কমেছে। আশা করি এখন থেকে রোজার মাস এবং বাজেটের মাস আসলে জিনিসপত্রের দাম নিয়ে আর হাহাকার থাকবে না।’
আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি হার সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত মে মাসে জাতীয় মজুরি হার সূচক ছিল ৯২৩৮, যা ২০১৪ সালের মে মাসের তুলনায় ৯ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। এর মানে হলো যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তার চেয়ে বেশি হারে মজুরি বেড়েছে।
গতকালের সংবাদ সম্মেলনে পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক সহিংসতা: বিএনপি-জামায়াতের তিন মাসের রাজনৈতিক সহিংসতার প্রভাব এখন কিছুটা হলেও দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতিকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘এই অপরাজনীতির ফলে আমরা এ বছর মোট দেশজ উৎপাদনেরÜজিডিপিðপ্রবৃদ্ধি ৭ ভাগ অর্জন করতে পারলাম না। এতে বিএনপি-জামায়াতের কী লাভ হলো জানি না, তবে দেশের কিছু ক্ষতি হলো। প্রাণ দিতে হলো সাধারণ কিছু মানুষকে।’