গৃহস্থালি ব্যয় বৃদ্ধিসহ মূল্যস্ফীতি দেশে সঞ্চয়-প্রবণতাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিই ব্যক্তিগত সঞ্চয়ের হ্রাস ঘটাচ্ছে।বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ তাদের সদ্য প্রকাশিত একটি গবেষণা সমীক্ষায় এই পর্যালোচনা তুলে ধরেছে।পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিনিয়োগের প্রধান নিয়ামক হিসেবে জাতীয় সঞ্চয়কে বিবেচনা করা হয়। তাই বাংলাদেশে সঞ্চয় পরিমাপের সঙ্গে বিনিয়োগের আনুপাতিক সম্পর্ক নির্ধারণ করা অত্যন্ত জরুরি।আবার মোট সঞ্চয়ের সিংহভাগই থাকে ব্যক্তিগত সঞ্চয়। তাই ব্যক্তিগত সঞ্চয়ের গতিবিধি পর্যালোচনা করাটাও জরুরি বলে উন্নয়ন অন্বেষণ মনে করছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত বিশ্লেষণ করে উন্নয়ন অন্বেষণ বলছে, ২০১০-১১ অর্থবছরে দেশের মোট সঞ্চয় হবে দুই লাখ ৪৪ হাজার ৯১৪ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ৭১ দশমিক ৬০ শতাংশ জাতীয় বিনিয়োগে চলে যাবে। ২০০৭-০৮ অর্থবছরে দেশের মোট সঞ্চয়ের ৮০ দশমিক ১০ শতাংশই বিনিয়োগ করা হয়েছিল জাতীয় অর্থনীতিতে।২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় সঞ্চয়ের পরিমাণ চার লাখ চার হাজার ৮৬৬ কোটি টাকা হতে পারে। এর মাত্র ৬৩ দশমিক ২০ শতাংশই জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উন্নয়ন অন্বেষণ বলছে। সংস্থাটি মনে করে, এভাবে বিনিয়োগ হার জাতীয় সঞ্চয় থেকে কমে গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে।২০১০-১১ অর্থবছরে ব্যক্তিগত সঞ্চয় জাতীয় সঞ্চয়ের ৬১ দশমিক ৭০ শতাংশে নেমে যেতে পারে; যেখানে ২০০৭-০৮ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬৭ দশমিক ২০ শতাংশ। উন্নয়ন অন্বেষণ বলছে, সঞ্চয় ও বিনিয়োগ-প্রবণতা যেকোনো অর্থনীতির সঞ্চয় ও বিনিয়োগের ইচ্ছাকে হিসাব করার জন্য একটি উপযুক্ত মাধ্যম। এর সাহায্যে কোনো অর্থনীতির এক টাকা আয় বৃদ্ধির ফলে এর কত অংশ সঞ্চয় ও বিনিয়োগে অংশগ্রহণ করবে, তা পরিমাপ করা যায়।