খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়ছে। খাদ্য আমদানিতে খরচও বাড়ছে। তবে প্রবাসী আয় ও রপ্তানি আয়ে মন্দাবস্থায় কমছে বৈদেশিক মুদ্রা আয়। নতুন বিনিয়োগ না হলেও ঠিকাদারদের কারণে বেসরকারি খাতের ঋণপ্রবাহে কিছুটা চাঙাভাব ফিরে এসেছে। এতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের সুযোগ এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবাহ কিছুটা বাড়ছে।
এসব বিষয়কে সামনে রেখেই চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঠিক করছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ফজলে কবির ২৬ জুলাই নতুন এ মুদ্রানীতি ঘোষণা করতে পারেন।
বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি বিষয়ে অর্থনীতিবিদ, সাবেক গভর্নর, ব্যাংকার ও সংশ্লিষ্টদের মতামত সংগ্রহ করছে। শেষ সময়ে সরকারেরও মতামত নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে গতকালও মুদ্রানীতি নিয়ে আলোচনা করেছেন গভর্নর।
মুদ্রানীতি বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনেক উন্নত ও উচ্চ আয়ের দেশে কেন্দ্রীয় ব্যাংক নিজেই মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করে। এ কারণে তাদের মুদ্রানীতিতে নতুনত্ব আনার সুযোগ থাকে। সরকারের লক্ষ্যমাত্রার সঙ্গে মিল রেখেই বাংলাদেশে মুদ্রানীতি দিতে হয়। এ কারণে মুদ্রানীতির সঙ্গে সম্পর্ক না হলেও আর্থিক খাতে শৃঙ্খলা আনা মুদ্রানীতির অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
মির্জ্জা আজিজ বলেন, ব্যাংকগুলো কেন খারাপ হয়ে পড়ছে, খেলাপি ঋণ কীভাবে কমানো যায়, তার উদ্যোগ থাকতে হবে মুদ্রানীতিতে। তবে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ও মূল্যস্ফীতির সঙ্গে মিল রেখে ১৬ শতাংশ ব্রড মানি (ব্যাপক মুদ্রার) প্রক্ষেপণ করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংক অর্থবছরের সঙ্গে মিল রেখে বছরে দুবার মুদ্রানীতি ঘোষণা করে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ঘোষণা থাকে মুদ্রানীতিতে। উৎপাদনমুখী বিনিয়োগের পাশাপাশি আর্থিক খাত শৃঙ্খলিত রাখার ঘোষণাও থাকে মুদ্রানীতিতে। সরকারের বাজেটের সঙ্গে মিল রেখেই ঘোষিত হয় মুদ্রানীতি। এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৫০ শতাংশ।
সূত্র জানায়, গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও সতর্ক মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিশেষ করে নির্বাচনের আগে মূল্যম্ফীতি বাড়তে থাকায়, তা নিয়ন্ত্রণের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতে ঋণ জোগান যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখা হবে। এ জন্য বেসরকারি খাতে এবার ঋণ জোগানের প্রাক্কলন বাড়িয়ে ১৭ শতাংশ করা হতে পারে। গত মুদ্রানীতিতে লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৫ শতাংশ। এপ্রিল পর্যন্ত ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ। এদিকে গত জুনে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৯২ শতাংশে উঠেছে।
এদিকে এপ্রিল শেষে দেশের আর্থিক খাতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা। বড় ধরনের অনিয়মের কারণে প্রায় ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও কয়েকটি ব্যাংকে বড় অনিয়মের খবর মিলছে। এসব বিষয়ও প্রাধান্য পাবে নতুন মুদ্রানীতিতে।