মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশে (আইসিসিবি)।সংগঠনটির সদ্য প্রকাশিত ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ, ২০১২) বুলেটিনের সম্পাদকীয়তে এই অভিমত প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাজেটীয় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশের ওপর রাখার লক্ষ্যে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনতে জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।আইসিসিবি বলছে, বাংলাদেশে মূল্যস্ফীতির হার গত বছর মার্চ মাস থেকে দুই অঙ্কের ওপর আছে। বিদায়ী বছর মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ ছিল, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা তথা টাকার অবমূল্যায়ন। এতে আরও বলা হয়েছে ২০১০-১১ অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭০ শতাংশ, যা আগের ২০০৯-১০ অর্থবছরে ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। আইসিসিবি মনে করে, দুই অঙ্কের মূল্যস্ফীতির হার চলতি ২০১১-১২ অর্থবছর শেষেও বহাল থাকবে, যা গরিব মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে ও তাদের ক্রয়ক্ষমতা কমাবে। উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ ইতিমধ্যেই বর্তমান অর্থবছরের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। অন্যদিকে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি কমেছে, অতিরিক্ত জ্বালানি আমদানির জন্য ব্যয় বেড়ে গেছে এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে তহবিল বা সহায়তা কমে গেছে। এসবের প্রভাবে টাকার মান ও বিদেশি মুদ্রার রিজার্ভ কমে গিয়ে লেনদেনের ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরি করেছে। আইসিসিবি বলছে, চলতি অর্থবছরের শেষার্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মুদ্রানীতিতে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশে সীমিত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করে, এটা অর্জন করা প্রায় অসম্ভব। মূল্যস্ফীতি প্রশমনে বাংলাদেশ এশিয়ার ভারত এবং চীনের মুদ্রানীতির কৌশল অনুসরণ করতে পারে বলেও অভিমত প্রকাশ করেছে আইসিসিবি।